শহরে ফের ধর্ষণ, এবার যাদবপুরে
Update: February 5, 2013 10:38 IST
ফের কলকাতায় ধর্ষণের অভিযোগ। এবার একাদশ শ্রেণির ছাত্রীকে দীঘদিন ধরে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। নির্যাতিতা ওই ছাত্রী সন্তানসম্ভবা। সোমবার অভিযুক্তকে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিস। নির্যাতিতা ওই ছাত্রীকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একবছর আগে পার্কস্ট্রিটে ধর্ষণের ঘটনা ঘটেছিল। রাতের কলকাতায় মেয়েদের নিরাপত্তা নিয়ে নানা অভিযোগ উঠেছিল। পুলিস-প্রশাসনকে আরও স্বক্রিয় হওয়ার দাবিতে সোচ্চার হয়েছিলেন সাধারণ মানুষ। কিন্তু একবছরেও সেই ছবিটা কিন্তু এখনও বদলায়নি। নাবালিকা ধর্ষণের ঘটনায় সোমবার রাতেও চাঞ্চল্য ছড়াল দক্ষিণ কলকাতার আজাদগড় এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে আসছিল এলাকারই এক ব্যক্তি। ছাত্রীটি স্থানীয় একটি সংগঠনের সঙ্গে যুক্ত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই সংগঠনের দায়িত্বে থাকা রঞ্জিত বণিকই ধর্ষণের ঘটনায় জড়িত।
অভিযুক্ত রঞ্জিত বণিককে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিস। ছাত্রীটিকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মেডিক্যাল টেস্টও করা হয় নির্যাতিতা যে সন্তানসম্ভবা সে ব্যাপারে নিশ্চিত চিকিত্সকেরা।