দফতর বদলে অসন্তুষ্ট রবীন্দ্রনাথ
Update: November 22, 2012 22:01 IST
বারবার দফতর বদলে অসন্তুষ্ট রবীন্দ্রনাথ ভট্টাচার্য। গত দেড় বছরে দু-বার তাঁর দফতর বদল হয়েছে। মন্ত্রিসভায় রদবদলের পর অনেকেই আজ নতুন দায়িত্ব বুঝে নেন। তবে রবীন্দ্রনাথবাবু আজ নতুন দফতরে যাননি। তাঁর কথায় অভিমানের সুর স্পষ্ট।
২০১১-তে রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর মন্ত্রীদের তালিকায় রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নাম দেখে অবাক হননি কেউ। সিঙ্গুর আন্দোলনের অন্যতম এই কাণ্ডারীর মন্ত্রিসভায় জায়গা কার্যত পাকাই ছিল। তাঁকে দেওয়া হয় স্কুল শিক্ষামন্ত্রীর দায়িত্ব। তবে পরিবর্তন আসে কয়েকমাসের মধ্যেই। দফতর বদলে শিক্ষামন্ত্রী থেকে রবীন্দ্রনাথবাবুকে কৃষিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। মন্ত্রিসভার সদ্য রদবদলে আবারও পরিবর্তনের কোপে পড়লেন তিনি। এবার তিনি পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ দফতরের দায়িত্বে।
নিজের নতুন দফতর সম্পর্কে তিনি যে বিশেষ আগ্রহী নন, সেকথা স্পষ্ট মন্ত্রীর কথাতেই। বৃহস্পতিবার নিজের নতুন দফতরে যাননি রবীন্দ্রনাথবাবু। কবে যাবেন? কবে নেবেন দায়িত্ব? এ প্রশ্নের উত্তরও যেন এড়িয়ে যেতে চাইলেন।
নিজের ক্ষোভকে হয়ত কোনও শব্দ দেননি রবীন্দ্রনাথবাবু। ক্যামেরার সামনে প্রতিবাদে গর্জে ওঠেননি। তবে চুপ নেই সিঙ্গুরের মানুষ। সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরতের প্রতিশ্রুতি আজও পূর্ণ করতে পারেননি মুখ্যমন্ত্রী। এজন্য ক্ষোভ আগে থেকেই ছিল। তা আরও বেড়েছে রবীন্দ্রনাথবাবুর বারবার দফতর পরিবর্তন ইস্যুকে ঘিরে। সিঙ্গুরবাসীর একাংশের দাবি, এর জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকেই।