ভোটাভুটির দাবিতে অনড় বিজেপি
Update: November 28, 2012 20:05 IST
এফডিআই ইস্যুতে সংসদে ১৮৪ ধারায় ভোটাভুটি সহ আলোচনার দাবিতেই অনড় থাকল বিজেপি। এফডিআই জট কাটাতে আজ বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন সংসদ বিষয়ক মন্ত্রী কমল নাথ। ১৮৪ ধারায় ভোটাভুটি সহ আলোচনার দাবি থেকে বিজেপিকে সরে আসার অনুরোধ জানান সংসদ বিষয়ক মন্ত্রী কমল নাথ। আলোচনার পর বিজেপি নেত্রী সুষমা স্বরাজ জানিয়েদেন এফডিআই ইস্যুতে ১৮৪ ধারার দাবি থেকে সরতে রাজি নন তারা।
সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ জানিয়েছেন, জনস্বার্থে সংসদ সচল রাখার যুক্তিকে সামনে রেখে বিজেপিকে ১৮৪ ধারা থেকে সরে আসার আবেদন জানান তিনি। বিজেপি শিবিরে যাওয়ার পাশাপাশি আজ লোকসভার অধ্যক্ষ মীরা কুমারের সঙ্গেও দেখা করবেন কমল নাথ। গতকালই ইউপিএ সমন্বয় কমিটির বৈঠকে সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে ডিএমকে। তারপরে ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের বিষয়ে সরকার এখন অনেকটাই আত্মবিশ্বাসী। কংগ্রেসের তরফে সেকথাও অধ্যক্ষকে জানানো হবে।