পার্ক স্ট্রিট কাণ্ডে রাজ্য সরকারকে তিরস্কার সুপ্রিম কোর্টের
Update: January 24, 2013 15:47 IST
ফের রাজ্য সরকারের তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের জামিন প্রসঙ্গে রিপোর্ট চেয়েছিল শীর্ষ আদালত।
পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের ঘটনায় ধৃত দুই অভিযুক্ত জামিনের আবেদন করেছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু হাইকোর্ট তাদের আবেদন নাকচ করে দেয়। এর পর সুপ্রিম কোর্টে আবেদন করে অভিযুক্তরা। সেই মামলার শুনানিতে গতবছরের নভেম্বর মাসে হাইকোর্টের থেকে রিপোর্ট চায় সর্বোচ্চ আদালত।
জানুয়ারির প্রথম সপ্তাহেও জমা পড়েনি সেই রিপোর্ট। ফলত পিছিয়ে যায় শুনানি। আজ মামলাটির শুনানি শুরু হল। সম্পূর্ণ রিপোর্ট পেশ করতে পারেনি রাজ্য সরকার। ফলে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতে অসম্পূর্ণ কাগজ পেশ করার জন্য ভর্ৎসনা করা হয় রাজ্যের অ্যাডভোকেট অন রেকর্ডকে।
আগামী ২৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।