ভোট না হলে দায় রাজ্যেরই, জানিয়ে দিল কমিশন

সময়মতো ভোট না হলে দায় রাজ্য সরকারের। বাহিনী নিয়ে চূড়ান্ত চিঠি দেওয়ার আগের দিন সরকারের ওপর প্রবল চাপ বাড়িয়ে বললেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। রাজ্য সরকারের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ এনেছেন নির্বাচন কমিশনার। তাঁর অভিযোগ, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বাহিনী নিয়ে বহুবার তাঁরা রাজ্যকে চিঠি দিয়েছেন । কিন্তু সরকারি তরফে কোনও সহযোগিতা পাননি। বর্তমান বাহিনী সংখ্যা দিয়ে তিনদফায় ভোট করা অসম্ভব। এরই মধ্যে বাহিনী নিয়ে কমিশনের পাঠানো চিঠি রাজ্য ফেরত পাঠানোয় নতুন বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের আচরণে রুষ্ট কমিশন এবার সোজাসুজি রাজ্যসরকারকে কাঠগড়ায় দাঁড় করাল।

জেলায় জেলায় চলছে রক্তাক্ত মনোনয়নপর্ব

পঞ্চায়েতে বাহিনী জটের মধ্যেই ফের রক্তাক্ত হল মনোনয়নপর্ব। বীরভূমের মেটেগ্রামে খুন হলেন এক সিপিআইএম নেতা। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক সিপিআইএম সমর্থক। ঘটনার প্রতিবাদে আজ বারো ঘণ্টা দুবরাজপুর বন্ধের ডাক দিয়েছে জেলা বামফ্রন্ট। একইসঙ্গে জেলাজুড়ে প্রতিবাদ দিবসেরও ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে কোচবিহারের দিনহাটায় খট্টিমারিতে মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃত রতন বর্মন তৃণমূল কংগ্রেস সমর্থক।

প্রথম দফা: ২৫৮০ আসনে প্রার্থী প্রত্যাহার বামেদের

রাজ্যে প্রথম দফার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব এবং স্ক্রুটিনির কাজ শেষ হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, তিনটি স্তর মিলিয়ে ২৫৮০টি আসনে প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন বাম প্রার্থীরা। এঁদের মধ্যে অধিকাংশই মহিলা প্রার্থী। বামেদের অভিযোগ, শাসকদলের হুমকি এবং সন্ত্রাসের জেরেই মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য হয়েছেন দলীয় প্রার্থীরা।

প্রথম দফার নির্বাচনে ৩৩৮৫ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের

পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীর সংখ্যা পিছনে ফেলে দিল ২০০৮ পরিসংখ্যানকে। শুধুমাত্র প্রথম দফার নির্বাচনে নয় জেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ শেষে দেখা যাচ্ছে ৩৩৮৫ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন তৃণমূল প্রার্থীরা, যা মোট আসনের ৯.৩৬ শতাংশ। যেখানে, ২০০৮র পঞ্চায়েত ভোটে সবকটি জেলা মিলিয়ে দুহাজার ৮৪৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন, যা ছিল মোট আসনের ৫.৫৭ শতাংশ।   

পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের সমালোচনা সিপিআইয়ের বৈঠকে

দিল্লিতে সিপিআইয়ের কর্মসমিতির বৈঠকেও উঠে এল রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়ার প্রসঙ্গ। বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে শাসকদল তৃণমূল কংগ্রেসের ভূমিকার কড়া সমালোচনা করেছে সিপিআই। এ ছাড়াও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, খাদ্যসুরক্ষা বিল, পেনশন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়াসহ একাধিক ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। দুর্নীতিতে জর্জরিত দ্বিতীয় ইউপিএ সরকারের সমালোচনা করা হয়েছে। এইসব ইস্যুগুলি নিয়ে দেশজুড়ে প্রচারে নামার কর্মসূচি নিয়েছে সিপিআই। জুন মাসের তিন ও চার তারিখ জেলভরো কর্মসূচির ডাক দিয়েছে সিপিআই।

শুরু পঞ্চায়েত যুদ্ধ, আজ থেকে শুরু মনোনয়ন পেশ

আজ থেকে পঞ্চায়েত ভোটের প্রথম দফার জন্য মনোনয়ন পত্র জমা দেবেন প্রর্থীরা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। এদিনই প্রার্থীদের জমা দিতে হবে তাদের সম্পত্তির হিসেবও। তবে তা হলফনামায় না দিয়ে সাদা কাগজে দিলেও হবে বলে জানিয়েছেন কমিশনার মীরা পাণ্ডে। পাশাপাশি রাজ্যসরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ থেকেই এসডিও এবং বিডিও অফিসে থাকছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।

পিছু হটে কেন্দ্রীয় বাহিনী চাইলেন মমতাই

পঞ্চায়েত নির্বাচনের জন্য চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি দিল রাজ্য সরকার। ভোটের আগেই যাতে বাহিনী পাওয়া যায় সে জন্য কেন্দ্রকে অনুরোধ করা হয়েছে। চিঠির প্রতিলিপি নির্বাচন কমিশনের কাছেও পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। তবে, একেবারে শেষ মুহূর্তে কেন্দ্রের কাছে চিঠি লেখায় প্রয়োজন অনুযায়ী বাহিনী পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

ফের আদালতে পঞ্চায়েত জট! বাড়তে পারে দফা

পঞ্চায়েত ভোটের জট ফের গড়াতে পারে আদালতে।রাজ্য সরকার প্রয়োজনীয়  নিরাপত্তাকর্মীর ব্যবস্থা করতে না পারলে আদালতে যেতে পারে নির্বাচন কমিশন। গরমের ছুটির পর হাইকোর্ট খুললেই রাজ্য সরকারের ব্যর্থতার বিষয়টি কমিশন আদালতের নজরে আনতে পারে। সশস্ত্র বাহিনী চেয়ে আজ পাঞ্জাব, মধ্যপ্রদেশ ও ওড়িশাকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। আগেই চিঠি পাঠানো হয়েছে বিহার, অসম ও ছত্তিশগড় সরকারের কাছে। 

সোমবার পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি কমিশনের

পঞ্চায়েত ভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে নির্বাচন কমিশন। প্রথম দফার নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী সোমবার। দ্বিতীয় দফার জন্য বিজ্ঞপ্তি জারি হচ্ছে ৩১ মে। তৃতীয় দফার জন্য তেসরা জুন বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। প্রথম দফার মনোনয়নপত্র তোলা এবং জমা দেওয়া যাবে ২৯ মে থেকে পাঁচই জুন পর্যন্ত। দ্বিতীয় দফার মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে তেসরা জুন থেকে। চলবে ১০ জুন পর্যন্ত।