কালচিনির মোর্চা সমর্থিত বিধায়ক যোগ দিলেন তৃণমূলে

বিধায়ক উইলসন চম্পামারিকে দলে টেনে মোর্চার ঘর ভাঙতে শুরু করল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে কালচিনি কেন্দ্রের বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূলে। মোর্চার সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন তিনি। তৃণমূল সূত্রে খবর, তাকে মন্ত্রীও করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও দলের সঙ্গে সংঘাত তৈরি হলে সেই দল ভাঙানোর ব্যাপারে উদ্যোগী হতে দেখা যায় তৃণমূল নেতৃত্বকে। কংগ্রেসের ক্ষেত্রে বহুবার এমন ঘটনা ঘটেছে। এবার ঘটল মোর্চার ক্ষেত্রে। কালচিনির বিধায়ক উইলসন চম্পামারিকে দলে টেনে মোর্চার ঘরে ফাটল ধরানো শুরু করল তৃণমূল নেতৃত্ব।

রাজ্যপালের কাছে নালিশ মোর্চার

রাজ্যপালের কাছে নালিশ জানাল গোর্খা জন মুক্তি মোর্চা। গতকাল মোর্চার চার প্রতিনিধি  রাজ্যপালের সঙ্গে দেখা করে  রাজ্য সরকারের  বিরুদ্ধে  অভিযোগ জানান। মোর্চার অভিযোগ, জিটিএ এলাকায় তাদের না জানিয়েই রাজ্য সরকার কাজ করছে।এতে জিটিএর স্বাধীনতা ক্ষুন্ন হচ্ছে। মোর্চা জানিয়েছে, এমনটা চলতে থাকলে সরকারের সঙ্গে তাদের সম্পর্ক ভালো থাকবে না। রাজ্যসরকারের সঙ্গে মোর্চার সম্পর্ক যে তলানিতে ঠেকেছে তা মালুম হয়েছিল মুখ্যমন্ত্রীর পাহাড় সফরেই। সেই সময়েই মুখ্যমন্ত্রীর পাট্টা বিলি নিয়ে সরব হয়েছিলেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং।

আজ পাহাড়ে বারো ঘণ্টার বনধ মোর্চার

লেপচা উন্নয়ন পর্ষদ গঠনের বিরোধিতায় আজ পাহাড়ে বারো ঘন্টা বনধের ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। দার্জিলিং, কার্সিয়াং,কালিম্পং পাহাড়ের এই তিন মহকুমায় বনধ হবে। জিটিএ-র অন্তর্ভুক্ত সব এলাকায় বনধ হবে বলে জানিয়েছে মোর্চা নেতৃত্ব। 

রাজ্যের সঙ্গে সরাসরি সংঘাতে মোর্চা, কাল পাহাড়ে ১২ ঘণ্টার বনধ

লেপচা পর্ষদ গঠন নিয়ে এবার রাজ্য সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে গোর্খা জনমুক্তি মোর্চা। উত্তপ্ত পাহাড়। আগামিকাল পাহাড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে মোর্চা। দার্জিলিং, কার্শিয়ং, এবং কালিম্পংয়ে বনধের ডাক দেওয়া হয়েছে। মোর্চার অভিযোগ, লেপচা পর্ষদ গঠন করে পাহাড়ে সম্প্রীতির বাতাবরণ নষ্ট করতে চাইছে রাজ্য সরকার। এছাড়াও রয়েছে পৃথক গোর্খাল্যান্ডের দাবি।

''মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করছেন''

ক্রমেই তীব্র আকার নিচ্ছে মুখ্যমন্ত্রী-মোর্চা বিবাদ। একদিকে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানালেন জিটিএ `চুক্তি` অনুযায়ী তাঁরা লেপচা উন্নয়ন পর্ষদ তৈরি করবেন। অন্যদিকে তাঁর এই দাবি নস্যাৎ করে মোর্চার তরফ থেকে জানানো হয়েছে জিটিএ চুক্তিতে এই রকম কোনও কিছুরই উল্লেখ নেই। মোর্চা নেতা রোশন গিরি সরাসরি জানালেন বিভাজনের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। অপর মোর্চা নেতা বিনয় তামাং আরও আক্রমণত্মক ভঙ্গিতে জানিয়েছেন পাহাড়ে ধর্মীয় বিভাজনের চেষ্টা হচ্ছে। এতে গোর্খাল্যান্ডের সম্প্রীতি নষ্ট হবে। গোর্খাল্যান্ডের দাবিতে তাঁদের আন্দোলন যে তীব্রতর হবে তা স্পষ্ট করে দিয়েছেন মোর্চা নেতৃত্ব।

পাহাড় সংঘাত, বিজনবাড়ি সেতু উদ্বোধনে ব্রাত্য মুখ্যমন্ত্রী

গোর্খাল্যান্ডের দাবির তোলার পর নতুন করে রাজ্যের সঙ্গে সংঘাতের পথে মোর্চা। মুখ্যমন্ত্রীকে বাদ দিয়েই বিজনবাড়িতে রঙ্গিলা নদীর ওপর নতুন সেতু উদ্বোধনের সিদ্ধান্ত নিল জিটিএ। আজ সকাল এগারোটায় সেতুর উদ্বোধন করবেন জিটিএর চিফ এক্সিকিউটিভ বিমল গুরুং। যদিও মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে এই সেতু উদ্বোধনের বিষয়টি ছিল।

মুখ্যমন্ত্রী পাহাড়বাসীর আবেগকে আঘাত করেছেন: বিমল গুরুং

"দার্জিলিঙকে এই রাজ্যের অঙ্গ বলায় পাহাড়বাসীর আবেগ আহত হয়েছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য করা উচিত হয়নি। মুখ্যমন্ত্রী যখনই এখানে আসেন আমাদের সামান্য দুঃখ দিয়ে যান।" উত্তরবঙ্গ উৎসবের অনুষ্ঠান মঞ্চে বিক্ষোভ প্রর্শনকারীদের কার্যত সমর্থন করে এই প্রতিক্রিয়াই জানালেন জিটিএ প্রধান বিমল গুরুং। তিনি আরও অভিযোগ করেন জিটিএকে অন্ধকারে রেখেই সরকারি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে তিনি সরাসরি ক্ষোভ প্রকাশ করেন জিটিএ-র প্রিন্সিপাল সেক্রেটারি জেলাশাসক সৌমিত্র মোহনের বিরুদ্ধে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব তাঁকে এ দিনের অনুষ্ঠানে আসতে অনুরোধ করেন।

দার্জিলিঙে সভাস্থলেই গোর্খাল্যান্ডের দাবিতে ক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী

দার্জিলিঙে উত্তরবঙ্গ উৎসবের সূচনায় শুরুতেই ছন্দপতন। মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝে তাঁর সামনেই গোর্খাল্যান্ডের দাবিতে পোস্টার নিয়ে বিক্ষোভ জানাতে  থাকেন উপস্থিত মোর্চার কর্মী সমর্থকরা। এর পরেই উত্তেজিত মুখ্যমন্ত্রী মঞ্চ থেকেই কার্যত ধমকের সুরে মোর্চা সমর্থকদের জানালেন, "এটা রাজনৈতিক দাবি জানানোর জায়গা নয়, সরকারি মঞ্চ। আপনাদের দাবি আপনাদের দলীয় সভায় জানাবেন।" মঞ্চে তখন উপস্থিত গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং।

দিল্লিতে গোর্খাল্যান্ডের দাবিতে ধরনা মোর্চার

গতকালই দিল্লি রওনা দিয়েছিলেন রোশন গিরি-সহ মোর্চার তিন বিধায়ক। আজ থেকে দিল্লির যন্তরমন্তরে গোর্খাল্যান্ডের দাবিতে ধরনায় বসেছেন তাঁরা। সঙ্গে আছেন মোর্চার বেশ কিছু কর্মী সমর্থক। প্রথমে অনশন ও ধরনা কর্মসূচীর কথা ঘোষণা করেছিলেন মোর্চা নেতৃত্ব। আজকে অনশনের পরিকল্পনা বাতিল করে শুধুমাত্র ধরনায় বসেন তাঁরা।