মোতেরা, ওয়াংখেড়ের পর ইডেনও সাক্ষী থাকল কুকের শতরানের
আবার কামাল করলেন ক্যাপ্টেন কুক। মোতেরা, ওয়াংখেড়ের পর ইডেনও সাক্ষী থাকল তাঁর শতরানের। অধিনায়ক হিসাবে পরপর তিন টেস্টে সেঞ্চুরি করার বিরল কৃতিত্ব লাভ করলেন তিনি। তাঁর অসাধারণ ধারাবাহিক ফর্মের কাছে বড় অসহায় লাগছে ভারতীয় বোলিং বাহিনীকে। মুম্বই জয় করে আসার পর ইডেনেও কুক বাহিনীর ব্যাটিং বিক্রম অব্যাহত। যে পিচ ঘিরে এত বিতর্ক সেখানে এখনও পর্যন্ত ধারহীন লেগেছে জাহির, ইশান্তকে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের স্কোর এক উইকেটে ১৯৪। অধিনায়ক কুক ১৩০ রানে অপরাজিত হয়ে ২২গজে রাজত্ব করছেন। তাঁর সঙ্গে আছেন জনাথন ট্রট ৫ রানে। অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন আর এক ওপেনার নিক কমটন। অবশ্য তার আগে ব্রিটিশ স্কোরবোর্ডে যোগ করে গেছেন অতি প্রয়োজনীয় ৫৭ রান। এর সঙ্গেই টেস্টে নিজের প্রথম অর্ধশতরানটি সেরে রাখলেন কমটন। অবশ্য কমটনের উইকেটটি তুলে নিলেও অশ্বিন বা ওঝা কেউই তেমন উল্লেখযোগ্য বোলিং করছেন না।