সেনাপ্রধানের সুরেই পাকিস্তানকে হুঁশিয়ারি লেফটেন্যান্ট পরনায়িকের

সেনাপ্রধান বিক্রম সিংয়ের সুরেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন নর্দার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কে টি পরনায়িক। পরিষ্কার জানিয়ে দিলেন ``আমাদের সেনাদের আত্মহুতি ব্যর্থ হবে না।`` তিনি বলেন, ফের নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করলে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হবে। এবং ভারতের প্রত্যাঘাত ভালমতোই টের পাবে পাকিস্তান। পাকিস্তানের সমস্ত ধরনের আক্রমণের জবাব দিতে ভারত সম্পূর্ণ প্রস্তুত।

আজ পুঞ্চে ফ্ল্যাগ মিটে ভারত-পাকিস্তান

চাপের মুখে আজ ভারতের সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বসছে পাকিস্তান। বেলা একটায় পুঞ্চ সেক্টরে দু দেশের ব্রিগেডিয়ার পর্যায়ের ওই ফ্ল্যাগ মিটিং আয়োজন হবে। ফ্ল্যাগমিটিংয়ে সম্মত হলেও গতকাল ফের ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা।

অবশেষে ফ্ল্যাগমিটে পাকিস্তানের সম্মতি

অবশেষে প্রথম ব্রিগেডিয়র স্তরে ফ্ল্যাগমিটে সম্মত হল পাকিস্তান। সীমান্ত ঘিরে গত কয়েকদিনের বেড়ে চলা উত্তেজনার পর গতকাল ভারতীয় বায়ুসেনার প্রধান এনএকে ব্রাউন জানিয়েছিলেন, পাকিস্তানের তরফে অস্ত্রবিরতির চুক্তিভঙ্গ লাগাতার চলতে থাকলে ভারত কড়া পদক্ষেপ নেবে। এরপর আজ পাকিস্তানের তরফে জানানো হয়েছে তারা সোমবার ফ্ল্যাগ মিটের জন্য প্রস্তুত। আগামিকাল একটায় পুঞ্চে আলোচনায় বসবেন ভারত-পাকিস্তানের কমান্ডাররা।

অনশন শুরু হেমরাজের পরিবারের

পাক সেনার হাতে দুই ভারতীয় জওয়ানের মৃত্যুর ঘটনায় নয়া মোড়। নিহত জওয়ান ল্যান্স নায়েক হেমরাজের কাটা মাথা সঙ্গে নিয়ে গিয়েছে পাকসেনারা।  হেমরাজের মাথা ফেরতের দাবিতে আজ থেকে অনশন আন্দোলন শুরু করলেন হেমরাজের পরিবার ও গ্রামের বাসিন্দারা।

পুঞ্চ-রাওয়ালকোট বাস পরিষেবা স্থগিত পাকিস্তানের

নিয়ন্ত্রণ রেখার দুই দিকেই এখন উত্তেজনা তুঙ্গে। এর মধ্যেই পুঞ্চ-রাওয়ালকোট বাস পরিষেবা স্থগিত করা হল পাকিস্তানের তরফ থেকে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোন নির্দিষ্ট কারণ জানানো হয়নি।

সীমান্তে বর্বরতা, পাক হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

নিয়ন্ত্রণরেখায় পাকসেনার বর্বরতাকে প্ররোচনা হিসেবেই দেখছে ভারত। এ নিয়ে আলোচনার জন্য পাক হাই কমিশনার সলমন বশিরকে তলব করল বিদেশ মন্ত্রক। প্রতিক্রিয়ায় কড়া বিবৃতিও দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। পুঞ্চের ঘটনার তীব্র নিন্দা করে ভারতের পক্ষ থেকে এই আক্রমণকে উস্কানিমূলক, অমানবিক এবং অগ্রহণযোগ্য বলা হয়েছে। পাকিস্তান অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।