মন্ত্রিসভায় ফেরার ইঙ্গিত বিক্ষুব্ধ মাস্টারমশাইয়ের

ফের মন্ত্রিসভায় ফেরার ইঙ্গিত দিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। দলের তরফে সুব্রত বক্সী তাঁকে মন্ত্রিসভায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বলে দাবি তৃণমূলের ওই বিক্ষুব্ধ মন্ত্রীর। এমনকি গোটা বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও আশ্বাস পাওয়ার দাবি করেন সিঙ্গুরের ওই তৃণমূল নেতা।

এক মঞ্চে, তবু বরফ গলল না বেচারাম-রবীন্দ্রনাথের

পঞ্চায়েত নির্বাচনের আগে সিঙ্গুরে একই মঞ্চে দেখা গেল রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং বেচারাম মান্নাকে। কয়েক হাত তফাতেই বসলেন দুজন। কিন্তু ঘুচল না দূরত্ব। সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত থাকলেও কোনও কথা হয়নি দুজনের। বরং বক্তব্য রাখতে উঠে প্রাক্তন কৃষিমন্ত্রীকে রীতিমতো কটাক্ষই করেছেন বর্তমান কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। জবাবে অবশ্য মুখ না খুলে বিতর্ক এড়িয়েছেন রবীন্দ্রনাথ বাবু।

এখনই তৃণমূল ছাড়ছেন না শোভনদেব

সব জল্পনার অবসান ঘটিয়ে শেষপর্যন্ত দল ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেইসঙ্গে ইতি টানলেন দলের সঙ্গে বিরোধ প্রসঙ্গেও। আজ তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র একটি অনুষ্ঠানে তৃণমূল নেতা বলেন, কারোর সঙ্গে ঝগড়া হলেই দল ছাড়ার প্রশ্ন ওঠে না। তৃণমূলের আদর্শকে ভালবেসে তিনি রাজনীতি করেন বলে মন্তব্য করেন শোভনদেব চট্টোপাধ্যায়। যাবতীয় বিতর্ককে দূরে সরিয়ে তিনি যে ফের দলের কাজে মন দিতে চান, সেকথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

বিধানসভার শীতকালীন অধিবেশনে বাদ রবীন্দ্রনাথ

সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ঘিরে ফের বিতর্ক। এবারও বিতর্কের মুখে শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্বাচিত বিধায়ক হওয়া সত্বেও বিধানসভার শীতকালীন অধিবেশনে হাজির থাকার সরকারি নোটিস পেলেন না রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

রবীন্দ্রনাথ ছাড়াই সিঙ্গুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

সিঙ্গুরের জমি রাজ্য সরকারেরই। মামলা মিটলে অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেবে সরকার। সিঙ্গুরে প্রশাসনিক বৈঠক শেষে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান সিঙ্গুরে ৩১ হাজার চাষিকে আট হাজার টাকা করে দেওয়া হয়েছে। জেলা শাসক অসুস্থ থাকার জন্য বেশ কিছুদিন মাসিক টাকা দেওয়ায় দেরি হয়েছে বলেও জানান তিনি।

ক্ষোভের মুখে সিঙ্গুরে বাতিল মমতার জনসভা

জেলা সফরে গেলেও বাতিল জনসভা। আগামিকাল সিঙ্গুরে প্রশাসনিক বৈঠক করলেও সভা করবেন না মুখ্যমন্ত্রী। ওই সভায় গরিব মানুষদের জমির পাট্টা, সাইকেল প্রদান সহ মুখ্যমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি আগাম ঘোষণা করা হয়। কিন্তু সেই কর্মসূচি বাতিল করা হয়েছে। সভার জন্য যে মঞ্চ বাঁধা হয়েছিল তা খুলে ফেলার কাজ শুরু হয়েছে।

ড্যামেজ কন্ট্রোলে শোভনদেবের সাক্ষাতে ফিরহাদ, সুব্রত

শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে অস্বস্তি কাটাতে ড্যামেজ কন্ট্রোলে নামল তৃণমূল। সকালে ফিরহাদ হাকিম ফোন করে ক্ষুব্ধ বিধায়কের মানভঞ্জনের চেষ্টা করেন। একই প্রয়াস চালান সুব্রত মুখোপাধ্যায়। বৈঠকও করেন তাঁর সঙ্গে। শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। নিজের অবস্থানে অনড় থেকে শোভনদেব চট্টোপাধ্যায় ফের জানিয়েছেন, দলের ভিতর সম্মান চান তিনি।

সিঙ্গুরে মমতার বৈঠকে আমন্ত্রণ না পেলে যাবেন না রবীন্দ্রনাথ

দলের অস্বস্তি আরও বাড়ালেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তৃণমূলের বিদ্রোহী এই মাস্টারমশাই জানিয়ে দিলেন, আমন্ত্রণ না পেলে তিনি সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে উপস্থিত থাকবেন না। এখনও মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার আমন্ত্রণ তিনি পাননি বলেও তৃণমূলের বর্ষীয়াণ এই নেতা জানিয়েছেন। প্রসঙ্গত, কাল শুক্রবার হুগলি জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দিতে সিঙ্গুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার আগে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের এই বিস্ফোরক মন্তব্যে সমস্যায় তৃণমূল কংগ্রেস।

এবার দল ছাড়ার ইঙ্গিত শোভনদেবের

রবীন্দ্রনাথ ভট্টাচার্যের পর এবার শোভনদেব চট্টোপাধ্যায়। অভিযোগ একই। সিন্ডিকেট চক্রে যুক্ত দলেরই নেতাকর্মীদের একাংশ। এখানেই শেষ না। কলকাতা বিশ্ববিদ্যালয়ে হেনস্থা হওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়ে সুবিচার পাননি বলেও অভিযোগ করেছেন শোভনদেববাবু। সম্মান না পেলে আগামিদিনে দলে থাকবেন কিনা সেবিষয়েও ভেবে দেখার কথা বলেছেন তিনি। এই পরিস্থিতিতে আজ শোভনদেব চট্টোপাধ্যায়কে মহাকরণে ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। তোলাবাজি নিয়ে দলের বিরুদ্ধে মুখ খুলেছেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য।