বিএনপির ডাকা হরতালে ফের উত্তপ্ত বাংলাদেশ

বিরোধী বিএনপি ও সহযোগী ১৮টি দলের ডাকে ৩৬ ঘন্টা হরতালের প্রথমদিন পুলিসের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ জড়াল বিএনপি সমর্থকরা। কোনওরকম হিংসার ঘটনা এড়াতে দেখামাত্র গুলি চালনার নির্দেশ দিয়েছে হাসিনা সরকার। সরকারের সিদ্ধান্তে কড়া সমালোচনা করেছেন সেদেশের মানবাধিকার কমিশন। 

হরতালের চতুর্থ দিনে মৌলবাদী হামলা অগ্রাহ্যের ডাক শাহবাগের

বিএনপি ও জামাতের ডাকা হরতালে সকাল থেকেই ফের সংঘর্ষে উত্তাল বাংলাদেশ। সকাল সাড়ে ছটা নাগাদ রাজধানী ঢাকার শনির আখরা এলাকায় বিস্ফোরণ ঘটিয়েছে ইসলামি ছাত্র শিবিরের সমর্থকরা। অন্যদিকে বিনপি এবং জামাতের ডাকা হরতাল বানচাল করতে প্রস্তুত শাহবাগ চত্বরও। হরতালের বিরুদ্ধে আজ সোহরাওয়ার্দি উদ্যানে ফের জমায়েতের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। 

জামাতের হরতাল অগ্রাহ্য করে ঢাকার রাজপথে মানুষের ভিড়

আজ জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয়দিনে মৌলবাদীদের তাণ্ডব অগ্রাহ্য করে ঢাকার রাজপথে নামলেন সাধারণ মানুষ। রাস্তায় যান পরিবহণের সংখ্যাও গত কালের তুলনায় অনেক বেশি।সোমবার সকালে রাজধানীর কয়েকটি স্থানে বিক্ষিপ্ত ভাবে জামাত পন্থীরা মিছিলের চেষ্টা করলে পুলিস তাদের ছত্রভঙ্গ করে দেয়। গতকাল অবশ্য সারা বাংলাদেশ জুড়েই হিংসাত্মক কার্যকলাপ চালায় জামাত সমর্থকরা। গতকাল ভোর থেকে দেশের বিভিন্ন স্থানে তারা সরকারি-বেসরকারি দপ্তর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। উপড়ে ফেলেছে রেললাইন। ভেঙে দিয়েছে সেতু। কেটে ফেলেছে রাস্তা। ভেঙেছে শহীদ মিনার, মুক্তিযুদ্ধের ভাস্কর্য। তারা গতকালও অন্তত দুই জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, লুটপাট ও আগুন দিয়েছে। পিটিয়ে হত্যা করেছে পুলিশের আরও এক সদস্যকে। জামাত পুলিস সংঘর্ষে কালকেই মৃত্যু হয়েছে ২১ জনের। মোট মৃতের সংখ্যা ৮০।

দ্রুত কার্যকর হবে তিস্তা চুক্তি, আশ্বাস প্রণবের

বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই সে দেশের সরকারের আমন্ত্রণে আজ ঢাকা পৌঁছালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটাই তাঁর প্রথম  বিদেশ সফর। তিন দিনের সফরে বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গেও দেখা করার কথা ছিল প্রণব মুখোপাধ্যায়ের। কিন্তু সূত্রের খবর বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর দিয়ে বিএনপি সুপ্রিমোর সঙ্গে সাক্ষাত বাতিল করেছেন রাষ্ট্রপতি।

জামাতের হরতালের মধ্যেই হিংসা অব্যাহত বাংলাদেশে

জামাতের ডাকা হরতালের মধ্যেই নতুন করে হিংসা ছড়াল বাংলাদেশে। আজ আরও ছ-জনের মৃত্যু হয়েছে। বগুড়ায় পুলিস ফাঁড়িতে হামলার ঘটনায় নিহত হয়েছেন চার জন। পরিস্থিতি সামাল দিতে সেখানে সেনা নামানো হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় জামাত সমর্থকদের হিংসা ছড়ানোর খবর পাওয়া গেছে। পথ অবরোধ, রেল স্টেশনে হামলার পাশাপাশি রাজশাহীতে ট্রেনে আগুন লাগানো হয়েছে। দেইল্লা রাজাকারের মৃত্যুদণ্ডের নির্দেশের
পর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে এই নিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২।  তবে এত কিছুর মধ্যেও শহবাগে প্রজন্ম মঞ্চ আজও একই ভাবে সক্রিয়। জামাতের হরতাল ব্যর্থ করতে সেখানে ভিড় করেছেন লাখও মানুষ।

শাহবাগের পাশে আমরা

শুরুটা করেছিলেন মাত্র ৩০০ জন। রাজাকারদের ফাঁসি আর মৌলবাদ শূন্য দেশের দাবিতে ঢাকার শাহবাগ স্কোয়ার চত্বরে জড়ো হয়েছিলেন ওঁরা, বাংলাদেশের নতুন প্রজন্মের কতগুলো মুখ। যোগাযোগের মাধ্যম ছিল সোসাল নেটোওয়ার্কিং সাইট। আজ ওই ৩০০ জনের আন্দোলন কোটি মানুষের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। একাত্তরের মুক্তিযুদ্ধের পরে আবারও প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। ঢাকার শহুরে আপাত শিক্ষিত সমাজের চৌহদ্দি পেড়িয়ে এই আন্দোলনে সামিল হয়েছে রাজশাহী, চট্টগ্রাম, সাতকানিয়া, কক্সবাজার। সমস্ত মৌলবাদী ফতোয়াকে তুড়িতে উড়িয়ে রোজ রোজ রাজপথে বাড়ছে প্রতিবাদীদের সংখ্যা। জামাতের হিংস্র আক্রমণও বিন্দু মাত্র চিড় ধরাতে পাড়েনি কোটি কোটি বাঙালির মনবলে। মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের আর ক্ষমা করতে নারাজ তাঁরা।

ব্লগার রাজীব হত্যা ঘটনায় গ্রেফতার পাঁচ ছাত্র

বাংলাদেশে ব্লগার রাজীব হত্যার ঘটনায় সে দেশের পুলিস শনিবার এক বেসরকারী বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে গ্রেফতার করল। পুলিসের দাবি জেরায় ওই অভিযুক্তরা আহমেদ রাজীব হায়দারের হত্যার দায় স্বীকার করে নিয়েছেন। গত মাসের ১৫ তারিখ শাহবাগ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা রাজীবের মৃতদেহ উদ্ধার করে বাংলাদেশ পুলিস। রাজীবের মৃত্যু ঘিরে আরও বেশি জোরদার হয়ে ওঠে প্রজন্ম মঞ্চের লড়াই। সারা দেশ জুড়ে দ্রুত রাজীবের হত্যাকারীদের দ্রুত শনাক্তকরণ ও  শাস্তির দাবি ওঠে।

অশান্ত বাংলাদেশ, গণহাত্যার অভিযোগ বিরোধীদের

যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে সম্মুখ সমরে  বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামি লিগ এবং বিএনপি। দেশজুড়ে হতাহতের ঘটনাকে সরকারি মদতে গণহত্যা বলে অভিযোগ করেছেন বিরোধী দল বিএনপি-র প্রধান বেগম খালেদা জিয়া। আওয়ামি লিগের অভিযোগ, একাত্তরের গণহত্যাকে চাপা দিতেই সরকার-বিরোধী জিগির তুলতে চাইছে বিএনপি।     

বাংলাদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে রবিবার ঢাকায় যাচ্ছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটাই হবে তাঁর প্রথম  বিদেশ সফর। তিন দিনের সফরে বাংলাদেশের প্রেসিডেন্ট মহম্মদ জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গেও দেখা করার কথা প্রণব মুখোপাধ্যায়ের।