ঠিকাদারকে গুলি করে খুন, আটক ২
Update: April 19, 2012 18:47 IST
বহরমপুরে এক ঠিকাদারকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে চোঁয়াপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর। নিহত ঠিকাদারের নাম প্রণব মুখার্জি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুষ্কৃতীরা বাইকে করে এসে গুলি করে প্রণববাবুকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঠিকাদারের। বহরমপুরের চোঁয়াপুরের বাসিন্দা পেশায় ঠিকাদার প্রণব মুখার্জি এদিন সকালে নিজের কাজেই বাড়ি থেকে বেরিয়ে ছিলেন।
বাড়ি থেকে কিছুটা দুরেই একটি হোটেলের সামনে বাইকে ওঠার সময় ২ দুষ্কৃতী বাইকে এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিসের প্রাথমিক অনুমান, পুরনো বিবাদের জেরেই খুন হতে হয়েছে ওই ঠিকাদারকে। পুলিস জানিয়েছে, এর আগেও একবার দুষ্কৃতী হামলার শিকার হয়েছিলেন প্রণববাবু। ঠিক কী কারণে প্রণব বাবুকে খুন হতে হল তা তদন্ত করে দেখছে বহরমপুর থানার পুলিস। ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।