)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাতৃহারা হলেন রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। স্বাধীনতা দিবসের গভীর রাতে পোস্ট করে এ খবর দেন অভিনেত্রী-রাজনীতিবিদ। তিনি লেখেন, “মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে।” দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়ছিলেন রূপার মা যুথিকা গঙ্গোপাধ্যায়। ভর্তিও ছিলেন শহরের এক বেসরকারি হাসপাতালে। তবে শেষরক্ষা আর হল না, শুক্রবারই শেষ হল তাঁর লড়াই।
ছোটবেলায় খুব কষ্ট করে মেয়েকে বড় করেছেন যুথিকা দেবী। একথা বহুবার বহু সাক্ষাত্কারে বলেছেন রূপা। জানা যায়, মায়ের শেষ সময়ে তাঁকে আরও বেশি করে সময় দেওয়ার চেষ্টা করতেন রূপা। একা হাতেই মেয়েকে বড় করেছিলেন অভিনেত্রীর মা। মধ্যবিত্ত সংসারে অভাবের মধ্যেও দিন কেটেছে তাঁদের। সেই সময় অভিনেত্রীর বাবা থাকতেন বাংলাদেশে। রূপা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর মা হাতের কাজ খুব ভাল জানতেন।
সংসার চালানোর পাশাপাশি মেয়েকে মানুষ করার জন্য হাতের কাজ ছিল তাঁর একমাত্র সম্বল। কমপক্ষে অন্তত কুড়িবার ভাড়া বাড়ি বদল করতে হয় তাঁদের। অভিনেত্রীর মায়ের তখন রোজগার বলতে দুশো টাকা। বড়বাজার থেকে কাপড় কিনে এনে সায়া, পর্দা, কুশন কভার, বালিশের কভার এসব বানাতেন যুথিকাদেবী। জানা গিয়েছে, শুক্রবার রাতেই মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন রূপা। অভিনেত্রীর এই পোস্টে শোকপ্রকাশ করেছেন তাঁর কাছের বন্ধু, সহকর্মী ও অনুরাগীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)