Tv Actress Sweta Mishra on Rahul Banerjee Death: রাহুলের চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন, কিন্তু সেই দুর্ঘটনার রেশ ধরে শ্বেতা মিশ্রকে যে ভাবে আক্রমণ করা হচ্ছে, তা কি মানবিক? শ্বেতার নীরবতা নিয়ে ওঠা সমস্ত প্রশ্নের কড়া জবাব দিলেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। তিনি স্পষ্ট জানালেন, শ্বেতার বেঁচে ফেরাটা অভিশাপ নয়, বরং এক আশীর্বাদ।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেতা রাহুলের অকালপ্রয়াণ টলিউড থেকে সোশ্যাল মিডিয়া— সর্বত্রই শোকের ছায়া নামিয়ে এনেছে। কিন্তু শোকের আবহেও মাথা চাড়া দিয়েছে এক নির্মম কৌতূহল। সেই রাতে রাহুলের সঙ্গে গাড়িতে থাকা অভিনেত্রী শ্বেতা মিশ্র কেন এখনও পর্যন্ত জনসমক্ষে মুখ খোলেননি? কেন তিনি সোশ্যাল মিডিয়ায় নীরব? এই প্রশ্নগুলোই এখন নেটপাড়ার একাংশের কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে। শ্বেতার এই মৌনতা নিয়ে যখন কাটাছেঁড়া চলছে, ঠিক তখনই তাঁর সমর্থনে ঢাল হয়ে দাঁড়ালেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে অনিন্দিতা তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে শ্বেতা অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন। কিন্তু মানুষ সেই ‘বেঁচে ফেরা’কে উদযাপন করার বদলে অভিনেত্রীকে কাঠগড়ায় তুলছে। অনিন্দিতা লেখেন, "শ্বেতা মিশ্র একটা মর্মান্তিক দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে বেঁচে ফিরেছে। আমরা, ওর বৃহত্তর পরিবারের গুরুজনেরা, বাড়ির মানুষরা, বন্ধুরা ওকে আগলে রেখেছি এবং রাখব।"
শ্বেতার নীরবতা নিয়ে ওঠা বিতর্কের উত্তরে অনিন্দিতা জানিয়েছেন যে, যা বলার তা শ্বেতা নিশ্চয়ই বলবেন, তবে সেটা সঠিক জায়গায় এবং সঠিক সময়ে। তিনি মনে করিয়ে দেন, শ্বেতার ‘শিরদাঁড়াটা খুব সোজা আর খুব শক্ত’। তাই সত্য গোপন করার প্রশ্নই ওঠে না। আইনের কাছে বা যাঁদের জানানো প্রয়োজন, তাঁদের কাছে শ্বেতা নিজের বক্তব্য পেশ করবেন।
অনিন্দিতা প্রশ্ন তুলেছেন, কেন শ্বেতা বেঁচে ফিরলেন, সেই নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাঁরা আদতে কী প্রমাণ করতে চাইছেন? শ্বেতার শাড়ি পরা বা তাঁর অক্ষত থাকা নিয়ে যে ধরণের কুরুচিকর আলোচনা চলছে, তাকে ‘অভিশাপ’ হিসেবে না দেখতে অনুরোধ করেছেন অনিন্দিতা।
অনিন্দিতা আবেদন জানিয়েছেন, যাতে শ্বেতাকে তাঁর এই ‘দ্বিতীয় জন্ম’টা শান্তিতে এবং সুস্থভাবে বাঁচতে দেওয়া হয়। সত্য উদঘাটনের নেশায় যাতে একজনের মানসিক অবস্থাকে খাদের কিনারায় ঠেলে না দেওয়া হয়, সেই বার্তাই দিয়েছেন তিনি। আপাতত সহকর্মীদের ভালোবাসায় এবং পরিবারের সুরক্ষায় নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছেন শ্বেতা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)