)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুরন্ত ক্যারিয়ারের জন্য পাড়ি দিয়েছিলেন বলিউডে। টলিউডের গণ্ডি পেরিয়ে 'ইমলি'তে মুখ্য চরিত্রে অভিনয় করে হিন্দি ধারাবাহিকতায় পথচলা শুরু করেন অদ্রিজা। তারপরই একের পর কাজের অফার আসতে শুরু করে। 'ইমলি' শেষ হতে না হতেই তিনি 'কুণ্ডলি ভাগ্য' ধারাবাহিকে কাজ পেয়ে যান। সানা সৈয়দকে সরিয়ে তাঁর জায়গায় পালকি চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি সেখানেই তাঁকে দেখা যাচ্ছে।
সম্প্রতি অভিনেত্রী তাঁর মনভাঙার গল্প প্রকাশ্যে শোনালেন। অভিনেত্রী আরও বলেন যে, সেই সময় তিনি জীবনের সবথেকে কঠিন সময় কাটিয়েছেন। এক সাক্ষাত্কারে অদ্রিজা প্রকাশ করেন যে, ৩-৪ বছর ধরে তিনি সম্পর্কে ছিলেন। সম্পর্কের শেষের দিকে এসে কীভাবে তাঁর প্রাক্তন বলেছিলেন যে সে তাঁকে নিয়ে সন্তুষ্ট নয়।
অভিনেত্রী আরও জানান যে, এখন তিনি সিঙ্গেল। গত ৭ মাস আগে তাঁর ব্রেকআপ হয়। তিনি বলেন, 'সে খুবই অন্তর্মুখী ছিল। সেই নিয়ে আমার কোনও সমস্যা ছিল না। কিন্তু অন্তর্মুখী হওয়া মানে এই নয় যে, সে তার সব কথা আমার থেকে লুকিয়ে রাখবে। বিশেষ করে যেই ব্যাপারে আমিও আছি। আমার সম্পর্ক গোপনীয় ছিল। কিন্তু এখন আমার আর কোনও যায় আসে না, কারণ ইতোমধ্য়েই ৭ মাস হয়ে গিয়েছে।'
অদ্রিজাকে যখন জিজ্ঞাসা করা হয় যে, কীভাবে তাঁর সম্পর্ক শুরু হয়। অভিনেত্রী প্রকাশ করেন যে, 'কলকাতায় থাকাকালীন সম্পর্কে জড়িয়ে পড়ি। সেই আমার জীবনে প্রথম ছিল, যাকে আমি খুব ভালো বেসেছিলাম। এখনও অবধি সেই আছে। কারণ আলাদা হওয়ার এখনো বেশি সময় যায়নি। আমাদের একটা বিজ্ঞাপন শ্যুটের সময় প্রথম দেখা হয়। তখন থেকেই আমাদের কথা বলা শুরু হয়। বুঝতেই পারিনি যে, কবে ওকে ভালোবেসেছি। বাচ্চাদের মত আমাদের অনেকবার ব্রেকআপ-প্যাচআপ হয়েছে। যখন আমার ২৩-২৪ বছর বয়স, তখন ভেবেছিলাম এবার আমি ম্যাচিওরডলি সব কিছু সামলাব। তখনই সে বলে যে, সে আর আমার সঙ্গে খুশি নয়।'
অদ্রিজা আরও বলেন, 'ব্রেকআপের পর আমি মানসিকভাবে ভেঙে পড়ি। সে আমার কাছে পুরো পৃথিবী ছিল।' অন্যদিকে, অভিনেত্রীর এই সাক্ষাত্কারটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর ফ্যানেরা তাঁর বয়ফ্রেন্ডকে অনুমান করা শুরু করে। বেশিরভাগ নেটিজেনরাই তাঁর বয়ফ্রেন্ড হিসাবে অভিনেতা ক্রুশাল আহুজার নাম উল্লেখ করেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)