জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একসময় টলিউডের (tollywood) তারকাদের পছন্দের স্টাইলিস্ট (Stylist) ছিলেন সন্দীপন ঘোষাল, যিনি স্যান্ডি (Sandy) নামেই পরিচিত। দেবশ্রী রায় থেকে কোয়েল (Koel), নুসরত (Nusrat), মিমির (Mimi) সঙ্গে প্রায়ই ফ্রেমবন্দি হতে দেখা যেত তাঁকে। ড্রেস থেকে শুরু করে মেকআপ তিনিই স্টাইল স্টেটমেন্ট তৈরি করে দিতেন তারকাদের। তবে আচমকাই একদিন ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান স্যান্ডি। তারকাদের প্রিয় স্যান্ডি গেলেন কোথায়? কেউ খবর রাখেননি। আচমকাই সম্প্রতি অভিনেত্রী বিয়াস বসু (Beas Basu) জানালেন স্যান্ডির ঠিকানা। ফ্যাশনেবল স্যান্ডি দেখে চেনা দায়! কী হয়েছে তাঁর?
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন- Smriti Mandhana: 'শান্ত থাকা মানে চুপ থাকা নয়'! বিয়ে বাতিল করে চমকে দেওয়া ইনস্টা পোস্ট স্মৃতির...
বিয়াসই জানান যে ২০২২ সালে স্যান্ডির ব্রেনে টিবি ধরা পড়ে। এরই মাঝে টলিউডে ছড়িয়ে পড়ে যে যৌন রোগে আক্রান্ত স্যান্ডি, যা সর্বৈব মিথ্যে। ব্রেনে টিবির ফলে মৃত্যু অবধি হয় মানুষের। তবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন স্যান্ডি। কিন্তু এই রোগের জেরেই স্মৃতি মুছে গেছে অনেকটা, ভুগছেন অবসাদে। একদিন রাস্তায় পরিচারিকার সঙ্গে হাঁটছিলেন স্যান্ডি, সেই সময়েই তাঁকে দেখতে পান বিয়াস। বন্ধুকে এই অবস্থায় দেখে টানা এক সপ্তাহ কেঁদেছিলেন বিয়াস, এমনটাই জানান অভিনেত্রী।
এরপরেই স্যান্ডির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন অভিনেত্রী বন্ধু বিয়াস। সম্প্রতি তিনিই জানান, মানসিক অসুস্থতায় ভুগলেও এখন সুস্থ আছেন স্যান্ডি। তাঁর শারীরিক অসুস্থতা অনেকটাই কেটে গেছে। অভিনেত্রী জানান স্যান্ডির শর্ট টাইম মেমরি লস। কলেজজীবনের পর থেকে আর কিছু মনে নেই ওর। অন্যদিকে স্যান্ডি নিজেই জানান যে তাঁর অসুস্থতার পর কোয়েল মল্লিক ছাড়া আর কেউ তাঁর খোঁজ নেননি। স্যান্ডির দেখভাল করেন তাঁর মা, মেসোমশাই, মাসতুতো ভাই। তাঁর মা ক্যানসারে আক্রান্ত, তারই সঙ্গে সম্প্রতি হাত ভেঙে শয্যাশায়ী। রোগের চিকিত্সা করতে করতে এখন তাঁর ব্যাংক ব্যালেন্সও প্রায় শেষ।
আরও পড়ুন- Nachiketa Chakraborty Hospitalised: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে নচিকেতা, তড়িঘড়ি বসল স্টেন্ট! এখন কেমন আছেন গায়ক?
সম্প্রতি বিয়াসের ফেসবুক পোস্ট দেখে যোগাযোগ করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, দেবলীনা দত্ত, অভিনেতা আদৃত রায়। বিয়াস জানান যে এরা প্রত্যেকেই স্যান্ডির সঙ্গে কাজ করতে চায়। আরও অনেকেই যোগাযোগ করেছেন কিন্তু যে নায়ক-নায়িকার ডানহাত ছিলেন স্যান্ডি, তাঁদের মধ্যে কোয়েল ছাড়া কেউই যোগাযোগ করেননি। স্যান্ডি বলেন, কোয়েল আবারও একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন তবে জিত্, দেব কেউ তাঁর খোঁজ নেননি।
মঙ্গলবার বিয়াস দিলেন সুখবর। অভিনেত্রী জানান, 'স্যান্ডি আবার ডিজাইনিং শুরু করতে চলেছে খুব তাড়াতাড়ি। আমরা নতুন সেট আপ রেডি করব। নতুন মানুষ, নতুন গয়না, নতুন ডিজাইন, নতুন হেয়ার স্টাইলিং, নতুন মেক আপ, নতুন টেইলার, নতুন অ্যাসিস্ট্যান্ট সব নতুনভাবে শুরু হবে। সাথে থাকবো কয়েকজন পুরনো বন্ধু। ওর বাড়ির লোকদের প্রতি আমাদের প্রণাম ও অশেষ কৃতজ্ঞতা ওকে শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ করে তোলার জন্য৷ ওর কাজের জগতটা তো পুরোপুরি আলাদা। সেই জগতে ওকে হাঁটি হাঁটি পা পা করে ঢুকতে হবে একা একাই। তারপর এভারেস্ট সম উচ্চতায় ওকে একাই লড়ে উঠতে হবে। আমরা অক্সিজেন, জল এসব সাপোর্ট ওকে সাপ্লাই দিয়ে যাবো যতদিন মানসিক ভাবে পুরোপুরি স্বাবলম্বী না হয়ে ওঠে। আর হ্যাঁ ছোটবেলার মতই আমার সমস্ত সঞ্চিত ড্রেস, ফ্যাশন জুয়েলারি সব আমি আবার ওকে ডেডিকেট করব যাতে আমার যা আছে তা দিয়েই ওর নতুন সাম্রাজ্যের বুনিয়াদ স্থাপন করতে ও সক্ষম হয়'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)