Ranveer Deepika Divorce: ধুরন্ধরের সাফল্যই ভেঙে দিল সম্পর্ক, সেপ্টেম্বরেই ডিভোর্সের পথে দীপিকা-রণবীর? বলিউডে তোলপাড়
DeepVeer Divorce: গুঞ্জন ছড়িয়েছে যে, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই নাকি এই তারকা দম্পতি তাঁদের দীর্ঘ সম্পর্কের ইতি টানতে চলেছেন। এই চাঞ্চল্যকর খবর সামনে আসতেই কার্যত তোলপাড় পড়ে গিয়েছে গোটা সিনেদুনিয়ায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের অন্যতম সেরা এবং প্রভাবশালী জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। দীর্ঘ ১৪ বছরের প্রেম আর ৮ বছরের সুখী দাম্পত্যের পর তাঁদের রসায়ন নিয়ে চর্চা হওয়াটা স্বাভাবিক। কিন্তু সম্প্রতি সেই চর্চায় বিচ্ছেদের সুর। নেটপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এক অশুভ ইঙ্গিত-- ‘দীপবীর’ কি তবে আলাদা হয়ে যাচ্ছেন?
TRENDING NOW
গুঞ্জন ছড়িয়েছে যে, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই নাকি এই তারকা দম্পতি তাঁদের দীর্ঘ সম্পর্কের ইতি টানতে চলেছেন। এই চাঞ্চল্যকর খবর সামনে আসতেই কার্যত তোলপাড় পড়ে গিয়েছে গোটা সিনেদুনিয়ায়।
জল্পনার সূত্রপাত
এই গোটা বিচ্ছেদ-বিতর্কের মূল উৎস সোশ্যাল প্ল্যাটফর্ম ‘রেডিট’-এর একটি ভাইরাল পোস্ট। সেখানে জনৈক এক নেটিজেন দাবি করেছেন, রণবীর ও দীপিকার মধ্যে দীর্ঘকাল ধরেই মতের অমিল চলছে। তাঁদের সম্পর্কের শীতলতা এখন এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে, আইনি বিচ্ছেদের পথে হাঁটা ছাড়া আর কোনও উপায় নেই।
ভাইরাল হওয়া সেই তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাস থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে এই তারকা দম্পতি পারষ্পারিক বোঝাপড়ার মাধ্যমে ডিভোর্সের প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। উল্লেখ্য, ২০১৮ সালে ইতালির লেক কোমোতে রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। আট বছরের সেই রঙিন ঘর কি তবে চলতি বছরেই বর্ণহীন হয়ে যাবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।

‘ধুরন্ধর ২’ সাফল্য ও দীপিকার নীরবতা
বিচ্ছেদ-গুঞ্জনের আগুনে ঘৃতাহূতি করেছে রণবীর সিংয়ের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর আকাশছোঁয়া সাফল্যর পরেও দীপিকার দূরত্ব। আদিত্য ধর পরিচালিত এই সিনেমা যখন বক্স অফিসে রেকর্ড ভাঙছে এবং বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড় তারকারা রণবীরের ‘ধুরন্ধর’ পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ, তখন স্ত্রী দীপিকা যেন কুলুপ এঁটেছেন মুখে।
ভক্তরা আশা করেছিলেন, রণবীরের কেরিয়ারের এই ‘গেম চেঞ্জার’ মুহূর্তে দীপিকা অন্তত সোশ্যাল মিডিয়ায় একটি শুভেচ্ছাবার্তা দেবেন। কিন্তু দীপিকার সেই নীরবতা নেটিজেনদের একাংশের মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করে।
রটে যায় যে, রণবীরের সাফল্যের আনন্দ ভাগ করে নেওয়ার মতো মানসিক অবস্থায় নেই দীপিকা। এমনকি ছবির প্রিমিয়ারে তাঁর অনুপস্থিতি বিষয়টিকে আরও জোরাল করে।
সমালোচকদের মোক্ষম জবাব
যদিও দীপিকা পাড়ুকোন চুপ করে থাকার পাত্রী নন। তাঁর নীরবতা নিয়ে যখন নেটপাড়ায় রোষানল তৈরি হয়, তখন তিনি কড়া ভাষায় সমালোচকদের জবাব দেন। অভিনেত্রী এক সাক্ষাৎকারে সাফ জানান, 'তোমাদের সবার দেখার অনেক আগেই আমি ‘ধুরন্ধর’ দেখে ফেলেছি। তাহলে বলো, এবার হাসির পাত্রটা কে হলো?'
তিনি আরও স্পষ্ট করে দেন যে, সব সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মনের ভাব প্রকাশ করতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। তাঁর এই মন্তব্যে রণবীরের কাজের প্রতি তাঁর শ্রদ্ধার বিষয়টি পরিষ্কার হলেও, বিচ্ছেদের গুঞ্জন পুরোপুরি থামেনি।
চিন্তার কেন্দ্রে ছোট্ট ‘দুয়া’
রণবীর ও দীপিকার অনুরাগীদের সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাঁদের দেড় বছরের কন্যা সন্তান ‘দুয়া পাড়ুকোন সিং’। ২০২৪ সালে তাঁদের কোলে আসে এই ফুটফুটে সন্তান। ভক্তদের আশঙ্কা, যদি সত্যিই তাঁদের বিচ্ছেদ ঘটে, তবে ছোট্ট দুয়ার ভবিষ্যৎ কী হবে? যৌথভাবে সন্তান লালনপালন না করে তাঁরা কেন বিচ্ছেদের পথে হাঁটছেন, তা নিয়ে কৌতূহলী ও বিষাদগ্রস্ত অনুরাগীরা নেটদুনিয়ায় অসংখ্য প্রশ্ন ছুড়ে দিয়েছেন।
ইতিহাসের পুনরাবৃত্তি নাকি কেবলই রটনা?
গ্ল্যামার দুনিয়ায় তারকাদের নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। ইতিপূর্বেও ২০২৪ সালে রণবীর সিং যখন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বিয়ের কিছু ছবি সরিয়ে দিয়েছিলেন, তখনও একইভাবে বিচ্ছেদের খবর রটেছিল। পরে অবশ্য রণবীর নিজেই মুখ খুলেছিলেন এবং জানিয়েছিলেন যে তাঁরা সুখী দম্পতি।
দম্পতির ঘনিষ্ঠ মহলের দাবি, এবারের এই খবরটিও স্রেফ ভিত্তিহীন গুজব। তাঁদের মতে, দুজনের কাজের জগতের চাপের কারণে ব্যক্তিগত জীবন নিয়ে তাঁরা হয়তো জনসমক্ষে কম আসছেন, কিন্তু তার মানে এই নয় যে তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে। দীপিকা ও রণবীর সবসময়ই একে অপরের সবচেয়ে বড় সমর্থক হিসেবে নিজেদের প্রমাণ করেছেন।
‘বাজিরাও-মস্তানি’ হোক বা বাস্তব জীবনের ‘দীপবীর’— পর্দায় এবং পর্দার বাইরে তাঁদের রসায়ন সবসময়ই জাদুকরী। গ্ল্যামার জগতে একটা কথা প্রচলিত আছে, ‘যা রটে তার কিছু তো বটে’। তবে রণবীর-দীপিকার ক্ষেত্রে তাঁদের অনুরাগীরা প্রার্থনা করছেন যেন এই রটনা মিথ্যেই প্রমাণিত হয়। বর্তমানে বিচ্ছেদের এই দিনক্ষণ এবং গুঞ্জন নিয়ে তারকা দম্পতি সরাসরি কোনো বিবৃতি না দিলেও, ভক্তরা অপেক্ষা করছেন সেই মাহেন্দ্রক্ষণের, যখন দুজনে ফের একসাথে ফ্রেমবন্দি হয়ে সমস্ত জল্পনায় জল ঢেলে দেবেন।
আপাতত বলিউডের বাতাসে বিচ্ছেদের সুর ভারী হলেও, রণবীর ও দীপিকার ভালোবাসার অটুট বন্ধনই এই গুঞ্জনের সেরা জবাব হতে পারে। শেষ পর্যন্ত এই ‘পাওয়ার কাপল’ তাঁদের সাজানো বাগান কী ভাবে রক্ষা করেন, সেদিকেই তাকিয়ে গোটা ভারত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Nabanita Sarkar
সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...
...Read More