জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘদিনের দাবি আর অপেক্ষার অবসান। টলিউডের লাইটম্যান, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে সেটের পেছনের হাজার হাজার কর্মীর মুখে ফুটবে হাসি। সাংসদ-অভিনেতা দেবের (Dev) বিশেষ অনুরোধে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সিনেমার ৭০০০-এরও বেশি টেকনিশিয়ানের জন্য ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সুবিধা মঞ্জুর করেছেন। আগামী ১৪ই মার্চ টেকনিশিয়ান স্টুডিওতে একটি বিশেষ ক্যাম্পের মাধ্যমে এই নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হতে চলেছে।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন- Dance Bangla Dance Fame Roddur Hospitalised: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ‘ডান্স বাংলা ডান্স’-এর রোদ্দুর, চিকিৎসার জন্য প্রয়োজন ১৫ লাখ
সিনেমায় ক্যামেরার সামনে নায়ক নায়িকাদের দেখা গেলেও, ছবির মেরুদণ্ড হলেন টেকনিশিয়ানরা। শ্যুটিংয়ের হাড়ভাঙা খাটুনি থাকলেও অনেকেরই চিকিৎসার জন্য পর্যাপ্ত বিমা বা সঞ্চয় থাকে না। করোনা আবহের পর থেকেই স্টুডিওপাড়ার এই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বারবার দাবি উঠছিল। টলিউডের বিভিন্ন সংগঠন ও ফেডারেশন এই নিয়ে সরব হয়েছিল। সম্প্রতি ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ে আর্জি জানিয়েছিলেন। টেকনিশিয়ানদের সামাজিক ও শারীরিক নিরাপত্তার কথা ভেবে মুখ্যমন্ত্রী সেই প্রস্তাবে সায় দেন।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই খুশির খবর ভাগ করে নিয়ে দেব লেখেন, "অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সিনেমার ৭০০০-এরও বেশি পরিশ্রমী টেকনিশিয়ানদের কল্যাণে আমার অনুরোধ মেনে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।" তিনি আরও জানান, ১৪ই মার্চ সকাল থেকেই টেকনিশিয়ান স্টুডিওতে রেজিস্ট্রেশন ক্যাম্প বসবে। সমস্ত কর্মীদের সেখানে উপস্থিত থেকে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- Swastika-Paoli: বিপদে পড়েই মারমুখী স্বস্তিকা-পাওলি, হাসি-হুল্লোড় থেকেই চরম বিশৃঙ্খলা, ব্যাপার কী?
বরাবরই সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজের স্থায়িত্ব থেকে শুরু করে আর্থিক ও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে একটা অনিশ্চয়তা থাকে। ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ রয়েছে এই 'স্বাস্থ্যসাথী' কার্ডে। এই কার্ড টেকনিশিয়ানদের পরিবারের ওপর থেকে বড়সড় আর্থিক বোঝা কমিয়ে দেবে, সে ব্যাপারে আশাবাদী সকলেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)