Actor Dev Supports Makeup Artist Simran Paul: টলিউডের অন্দরে আবারও চরম অস্থিরতা। কর্মহীনতা, ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ এবং প্রাণনাশের হুমকির মতো বিস্ফোরক সব ঘটনায় উত্তাল স্টুডিও পাড়া। মেকআপ শিল্পী সিমরন পালের পাশে দাঁড়িয়ে ফেডারেশনকে কড়া বার্তা দিলেন সুপারস্টার দেব।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউডের অন্দরের রাজনীতি আর ‘ব্যান সংস্কৃতি’ নিয়ে আবারও উত্তপ্ত টালিগঞ্জ। এবার অভিযোগের কেন্দ্রে এক রূপসজ্জাশিল্পী সিমরন পাল। গত দু’বছর ধরে কাজ না থাকা এবং ফেডারেশনে অভিযোগ জানানোর পর খুনের হুমকি পাওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি। এই চরম সংকটে তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন অভিনেতা-সাংসদ দেব।
সহকারী রূপসজ্জাশিল্পী সিমরন পালের দাবি, দীর্ঘ দুই বছর ধরে তাঁর হাতে কোনো কাজ নেই। মেকআপ গিল্ডের সম্পাদক বাপি মালাকারকে বারংবার জানিয়েও সুরাহা না হওয়ায় তিনি ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসকে চিঠি লেখেন। সিমরনের বিস্ফোরক অভিযোগ, স্বরূপ বিশ্বাসকে চিঠি দেওয়ার পরেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। তাঁকে নাকি সরাসরি খুনের হুমকি দেওয়া হচ্ছে! নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে গত ১০ এপ্রিল গল্ফ গ্রিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
সিমরন তাঁর ভিডিওতে জানান, কাজ পেতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ‘প্রিয়’ হতে হবে— এমন ইঙ্গিতও তাঁকে দেওয়া হয়েছে। অভাবের তাড়নায় ধারদেনা করে সংসার চালানো এই শিল্পী এখন ঘরবন্দি। এই ভিডিওটি নজরে আসতেই শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করেন দেব। সিমরনকে নিজের উদ্যোগে কাজ দেওয়ার আশ্বাস দেওয়ার পাশাপাশি টলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন অভিনেতা।
দেব স্পষ্ট ভাষায় জানান, ফেডারেশনের কাজ হওয়া উচিত শিল্পীদের পাশে দাঁড়ানো, তাঁদের কাজ বন্ধ করা নয়। দেব বলেন, “আমরা প্রযোজক আনতে পারি, কাজ আনতে পারি। কিন্তু নিয়মের অজুহাতে যদি কাজ বানচাল করা হয় এবং ‘ব্যান সংস্কৃতি’ চলে, তবে ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে।”
এদিকে স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখছে ফেডারেশনের ‘সুরক্ষা বন্ধু’ শাখা। মেকআপ গিল্ডের সম্পাদক বাপি মালাকার বা সহ-সম্পাদক অনুপ জানার কাছ থেকে এ বিষয়ে এখনও কোনো সদুত্তর পাওয়া যায়নি। আপাতত দেবের হস্তক্ষেপে সিমরনের সুদিন ফেরে কি না, সেদিকেই তাকিয়ে গোটা টলিপাড়া।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)