)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'হুলি গান ইজ়ম'-এর (Hooliganism) তৈরি গান হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্যাটায়ারের ভঙ্গিতে দেশের নানা চর্চিত সামাজিক থেকে রাজনৈতিক বিষয়ে গান বেঁধেছে অনির্বাণের দল। এমনকী রসিকতার ছন্দে রাজ্যের তিন রাজনৈতিক নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh), দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও শতরূপ ঘোষকে (Shatarup Ghosh) কটাক্ষ করেন। এরপরই নানা মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, অনির্বাণ গাইছেন, "এসব গান-বাজনা ছাড়, চল প্রোমোটারি করি, বড় গাড়ি চড়ি / ইলেকশানের মেজাজ বুঝে দলটা বদল করি/ এই আমাদের দোষ/ গানবাজনা করতে এসে এসব কথা বললে/ রেগে যাবে কুণাল ঘোষ"। তবে শুধু কুণাল ঘোষই নয়, এরপরে নাম না করে হুলি গান ইজমের কটাক্ষ ছিল দিলীপ ঘোষের দিকে। গানের কথায়, "আরেক ঘোষও আছে/ দাদা খুবই রোমান্টিক/ ঘোষ দিয়ে যায় চেনা/ গয়না দোকান সব তুলে দাও, গোরুর দুধে সোনা।" অবশেষে আসে সিপিএম নেতা শতরূপ ঘোষের নাম। অনির্বাণ গেয়ে ওঠেন, "আরেক ঘোষও আছে, ওই বিপ্লবীদের পার্টি/ টিভি চ্যানেলপার্টি অফিস বড্ড হাঁটাহাঁটি/তাই কিনেছে গাড়ি/দামটা বেশি খুব/ ফেসবুকেতেই রাজা মোদের দাদা শতরূপ"।
এ বিষয়ে আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন, "অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যর নতুন ব্যান্ড 'হুলি-গান-ইজম' এর গানের অংশ। আমার মজা লেগেছে, ভালো লেগেছে। গানের ধরণ, উপস্থাপনাও উপভোগ করলাম। একটু তির্যক? তাতে কী!! কুণাল ঘোষ এসব মজা নিতে জানে। ভালো থেকো অনির্বাণ।" শতরূপ ঘোষ জানিয়েছে, আমার খারাপ লাগেনি।
এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। এদিন ২৪ ঘণ্টাকে বিজেপি নেতা বলেন, ''স্বাধীনতা সকলের রয়েছে তবে শালীনতা যেন ভঙ্গ না হয়। রসিকতা যেন শালীনতার বাইরে না যায় বা কারোর আদর্শ বা নীতিতে আঘাত না করে সে বিষয়ে সতর্ক থাকা উচিত। কেবলমাত্র জনপ্রিয়তা এবং মনোরঞ্জন করার জন্য যাকে যা ইচ্ছে বলার অধিকার কারও নেই। সে বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।''
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)