Missing Cinematographer Srijan Biswas Found: অবশেষে কাটল উদ্বেগ! নিখোঁজ সিনেমাটোগ্রাফার সৃজন বিশ্বাস নিজেই যোগাযোগ করলেন বন্ধুদের সঙ্গে। কেন হঠাত্ ঘরোয়া পোশাকে বেরিয়ে অন্তরালে চলে গিয়েছিলেন তিনি? ব্যক্তিগত কারণ নাকি অন্য কিছু?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের নিখোঁজ রহস্য নিয়ে যখন টলিউড উত্তাল, ঠিক সেই আবহেই সিনেমাটোগ্রাফার সৃজন বিশ্বাসের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য দ্বিগুণ হয়েছিল। তবে স্বস্তির খবর এই যে, নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সৃজনের সন্ধান মিলেছে। তিনি নিজেই এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন যে, তিনি বর্তমানে নিরাপদ এবং সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই কিছু দিনের জন্য লোকচক্ষুর অন্তরালে গিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় হাবরার বাড়ি থেকে ঘরোয়া পোশাকে বেরিয়েছিলেন সৃজন। পরনে ছিল বারমুডা ও টি-শার্ট। রাত গড়িয়ে গেলেও তিনি না ফেরায় এবং ফোন বন্ধ থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছিল তাঁর পরিবার ও বন্ধুরা। অভিনেতা সাগ্নিক মুখোপাধ্যায় ও পরিচালক মৈনাক গুহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর সন্ধানে আর্তি জানিয়েছিলেন। শুক্রবার দুপুরে পরিচালক মৈনাক গুহ জানান, সৃজন নিজেই অন্য এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কিছু কারণে তিনি একা থাকতে চাইছেন এবং নির্দিষ্ট সময় পর ঠিক ফিরে আসবেন।
যদিও সৃজনের সাড়াতে বন্ধুরা কিছুটা আশ্বস্ত হয়েছেন, তবুও ধন্দ কাটছে না পুরোপুরি। কারণ, সৃজন এখনও বাড়ি ফেরেননি। অভিনেতা সাগ্নিক মুখোপাধ্যায় জানিয়েছেন, সৃজনের বাড়িতে বয়স্ক অসুস্থ বাবা-মা রয়েছেন। তাঁর মতো একজন শান্ত স্বভাবের মানুষ কেন হঠাৎ কাউকে না বলে এমনভাবে গা ঢাকা দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। কয়েক দিন আগেই অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু এবং তারপর পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনা সৃজনের এই ‘অন্তরালে যাওয়া’কে আরও বেশি আতঙ্কজনক করে তুলেছিল।
রূপকলা কেন্দ্র থেকে সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশোনা শেষ করে গত চার বছর ধরে ইন্ডাস্ট্রিতে স্বাধীনভাবে কাজ করছেন সৃজন। সৃজনের মতো সম্ভাবনাময় এক চিত্রগ্রাহকের এই হঠাৎ অন্তর্ধান এবং পরবর্তীতে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে দূরে থাকার বার্তায় টলিউডের অভ্যন্তরে নানা গুঞ্জন শুরু হয়েছে। আপাতত সৃজনের সশরীরে ফিরে আসার অপেক্ষায় তাঁর পরিবার ও বন্ধুরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)