জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখা কন্যাসন্তানের বাবা-মা হলেন। ১৫ নভেম্বর সকালে নিজেদের ইনস্টাগ্রামে তাঁরা এই সুখবর ভাগ করেন তাঁদের ভক্তদের সঙ্গে। বিশেষ বিষয় হল - এই আনন্দঘন মুহূর্তটি তাঁদের চতুর্থ বিবাহবার্ষিকীর দিনেই এসেছে।
Add Zee News as a Preferred Source
দু’জনে একটি যৌথ পোস্টে জানান, তাঁদের ঘরে এসেছে একটি ফুটফুটে কন্যাসন্তান। গোলাপি থিমের একটি ছবিতে দেখা যায়, উপরে ফিতা, নিচে শিশুর পোশাক এবং এক ইউনিকর্ন টানা রাজকন্যার রথ। সেখানে লেখা ছিল - ভগবানের আশীর্বাদে আমাদের এক কন্যা সন্তান হয়েছে। পোস্টের ক্যাপশনে তাঁরা লিখেছেন - আমাদের ৪র্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বরের দেওয়া সবচেয়ে বড় আশীর্বাদ।
আরও পড়ুন: 'আমরা একই লোকের সঙ্গে প্রেম করতাম!', কে ঠকিয়েছিল কাজল-টুইঙ্কলকে?
ঘোষণাটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই বলিউডে ভালোবাসার ঢেউ নেমে আসে। ভিকি কৌশল, সোনম কাপুর আহুজা, দিয়া মির্জা, আলি ফজল, বাণী কাপুর, এশা গুপ্তা এবং অনিল কাপুর প্রথম দিকের তারকাদের মধ্যে ছিলেন, যারা শুভেচ্ছা জানান। কৃতি স্যাননসহ আরও বহু তারকাও এই নতুন অধ্যায়ে দম্পতিকে অভিনন্দন জানান। বরুণ ধাওয়ান সম্প্রতি নিজেও বাবা হয়েছেন। উচ্ছ্বাসভরা বার্তায় তিনি তাঁদের 'প্যারেন্টস ক্লাব'-এ স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানান এই দম্পতিকে।
সেপ্টেম্বর মাসে সোহা আলি খানের পডকাস্টে এক আড্ডায় মাতৃত্ব, পারিবারিক চাপ এবং কয়েক বছর আগে নিজের ডিম্বাণু সংরক্ষণ নিয়ে কথা বলেন পত্রলেখা।
সেখানে তিনি বলেন, 'প্রায় তিন বছর আগে আমি আমার ডিম্বাণু ফ্রিজ করেছিলাম। এখন যখন আমি গর্ভবতী, এখন মনে হচ্ছে গর্ভধারণ করা, ডিম্বাণু ফ্রিজ করার চেয়ে অনেক সহজ ছিল। তখন আমার ডাক্তার আমাকে বলেননি যে পুরো প্রক্রিয়াটা কতটা কঠিন হতে পারে। আমার অনেকটা ওজনও বেড়ে গিয়েছিল। তাই আমি সবসময়ই তরুণীদের বলব সরাসরি গর্ভধারণ করাই ভালো। এই প্রক্রিয়াটি অনেক সহজ।'
পত্রলেখা আরও জানান, 'পরিবার থেকেও কিছুটা চাপ ছিল, কারণ আমার মা চাইতেন যে আমি এবং রাজকুমার শিগগিরই সন্তান নিই।'
আরও পড়ুন: পরিচারিকাকে ধর্ষণের দায়ে হয়েছিল জেল, বলিউড ছেড়ে কোখায় ‘গ্যাংস্টার’ অভিনেতা সাইনি?
রাজকুমার ও পত্রলেখার প্রেমের গল্পও কম সিনেম্যাটিক নয়। ‘ইয়ে আশিকি’ সংগীত ভিডিয়োর কাজ করতে গিয়ে প্রথম পরিচয়। দু’জনই আগে থেকেই একে অপরকে চিনতেন, কারণ মডেলিং ও অভিনয়ের জগতে তাঁদের পরিচিত মানুষজন ছিলেন। রাজকুমার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি পত্রলেখাকে প্রথমবার একটি বিজ্ঞাপনে দেখে মনে মনে ভেবেছিলেন, একদিন তাঁকে বিয়ে করবেন। সেই ইচ্ছাই সত্যি হয় ২০২১ সালে।
২০১২ সালে তাঁদের সম্পর্ক শুরু হয়। দীর্ঘ ৯ বছর প্রেম করার পর তাঁরা বিয়ে করেন। জীবনের কঠিন সময়গুলোতে একে অপরের পাশে ছিলেন দু’জনেই। এ বছরের শুরুতেই তাঁরা প্রথম সন্তান আসার খবর জানিয়েছিলেন। এবং আজ, অপেক্ষার অবসান ঘটিয়ে এক ছোট্ট 'রাজকন্যা' এল রাজকুমার ও পত্রলেখার জীবনে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)