Asha Bhosle Death: আশা ভোঁসলে মারা যাওয়ার পর তাঁর উপরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল জিও নিউজ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের একটি গানের প্রতিযোগিতার অনুষ্ঠানে কিছুদিন আগেও পাক শিল্পী আতিফ আসলামের গানের তালে পা নাচাতে দেখা গিয়েছে আশা ভোঁসলেকে। পাকিস্তানের লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের জনপ্রিয়তা এখনও বিপুল। সেখানকার কোনও গানের অনুষ্টানেও আশা ভোঁসলের গান শুনতে দেখা যায়। আর সেই আশা ভোঁসলে মারা যেতেই বদলে গেল পাকিস্তানের সরকারের নীতি।
আশা ভোঁসলে মারা যাওয়ার পর তাঁর উপরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল জিও নিউজ উর্দু। সেই অনুষ্ঠানে আশা ভোঁসলের জীবন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি একের পর এক আশা ভোঁসলের গান বাজানো হয়। এতেই খেপে লাল পাকিস্তানের ইলেকট্রেনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (PEMRA) । তারা জিও নিউজ উর্দু-কে নোটিস পাঠিয়ে জানতে চেয়েছে কেন আশা ভোঁসলের জন্য এতটা দরদ তাদের।
জিও নিউজ উর্দুর ম্যানেজিং ডিরেক্টর আজহার আব্বাস সোশ্যাল মিডিয়ায় বলেন, “খ্যাতনামা শিল্পীদের নিয়ে খবর করতে গেলে তাঁদের কাজকে নতুন করে তুলে ধরা ও উদযাপন করা সবসময়ই একটি প্রথা।”
তিনি আরও জানান, আশা ভোঁসলের মতো কিংবদন্তি শিল্পীর আরও বেশি স্মরণীয় গান দেখানো উচিত ছিল। তাঁর কথায়, “আসলে আশা ভোঁসলের মতো বড় মাপের শিল্পীর ক্ষেত্রে আমরা যতটা গান দেখিয়েছি, তার থেকেও বেশি তাঁর চিরকালীন ও জনপ্রিয় গান তুলে ধরা উচিত ছিল। কিন্তু পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা পেমরা সেটাই সীমাবদ্ধ করে দিয়েছে।”
পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)-র সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন আজহার আব্বাস। তিনি বলেন, শিল্প-সাহিত্য যৌথ সম্পদ। তা কখনও সীমানার মধ্যে আটকে রাখা উচিত নয়। আশা ভোঁসলে নিজেও পাকিস্তানের কিংবদন্তি গায়িকা নূরজাহানকে খুব সম্মান করতেন। স্নেহভরে তাঁকে ‘দিদি’ বলে ডাকতেন। তিনি নুসরাত ফতেহ আলি খানের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি নাসির কাজমির মতো উর্দু কবিদের কবিতায় কণ্ঠ দিয়েছেন। যুদ্ধ বা সংঘাতের সময়েও শিল্প ও শিল্পীদের ক্ষতির মুখে ফেলা উচিত নয়।
একটি পোস্টে আজহার আব্বাস লিখেছেন, “কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলেকে নিয়ে সম্প্রচারিত কনটেন্টের জন্য জিও নিউজকে শোকজ নোটিস পাঠিয়েছে পেমরা।”
উল্লেখযোগ্য, পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির এই নোটিস ঘিরে দেশে বিতর্ক শুরু হয়েছে। মিডিয়ার স্বাধীনতা ও সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে। কেউ একে মতপ্রকাশের স্বাধীনতার বিষয় হিসেবে দেখছেন, আবার কেউ বর্তমান পরিস্থিতির সঙ্গে এর যোগসূত্র খুঁজছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)