)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার অসমের গুয়াহাটিতে এসে পৌঁছায় জুবিন গর্গের মৃতদেহ। সংগীতশিল্পীকে শেষ দেখা দেখতে গুয়াহাটিতে জনস্রোত। কান্নায় ভাসছে গোটা অসম। বিধ্বস্ত জুবিনের স্ত্রী গরিমাও।
স্বামীর মৃত্যুর খবর শোনা মাত্রই স্বাভাবিকভাবে তিনি কান্নায় ভেঙে পড়েন। এমনকী তিনি অসুস্থ পর্যন্ত হয়ে পড়েন। রবিবার বিমানবন্দের জুবিনের মৃতদেহ পৌঁছানোর সময় গরিমাকে একেবারে কান্নায় লুটিয়ে পড়তে দেখা যায়। তার আগে তিনি সোশ্যাল মিডিয়ায় হাতজোড় করে অনুরোধ জানান।
তিনি বলেন, 'জুবিন অবশেষে ঘরে ফিরছে। যখন সে আমাদের মাঝে ছিল, তখন আপনারা সবাই তাকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছিলেন, আর জুবিনও সেই ভালোবাসা ফিরিয়ে দিয়েছে। আমি প্রার্থনা করি, যেন তার শেষ যাত্রা শান্তিময় হয়।'
জুবিনের মৃত্যুর পর নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের আয়োজক শ্যামকানু মোহন্ত এবং গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে মোরিগাঁও থানায় একটি এফআইআর দায়ের করা হয়। সেই প্রসঙ্গে গরিমা বলেন, 'সিদ্ধার্থ, যিনি শুরু থেকেই জুবিনের জন্য ভাইয়ের মতো ছিলেন, তিনিও শেষযাত্রায় থাকবেন। আপনাদের মনে আছে ২০২০ সালে, যখন জুবিনের সিজার হয়েছিল, তখন আমাদের তাঁকে মুম্বই নিয়ে যেতে হয় চিকিৎসার জন্য। তখন লকডাউনে সব কিছু বন্ধ ছিল। সেই সময় সিদ্ধার্থই আমাদের খাবার, ওষুধ, সব কিছুর বন্দোবস্ত করেছিলেন। এমনকি মুম্বই থেকে বাসে করে জুবিনকে ফিরিয়েও এনেছিলেন।'
তিনি আরও বলেন, 'যখনই কেউ সিদ্ধার্থকে নিয়ে খারাপ বলেছে, জুবিন সবসময় তাঁর পাশে থেকেছে। আমি অনুরোধ করছি, জুবিনের শেষ যাত্রায় সিদ্ধার্থ যেন থাকতে পারে। দয়া করে, কেউ যেন সিদ্ধার্থের প্রতি কোনও নেগেটিভ মনোভাব না নিয়ে রাখে। আগামীকাল আমি আপনাদের আমার পাশে চাই, আর সিদ্ধার্থের সহযোগিতা ছাড়া আমি একা সবকিছু সামলাতে পারব না।'
জুবিন গর্গের মৃত্যুতে শোকাহত হয়ে গুয়াহাটির বহু ফ্যানেরা তাঁর স্মৃতিতে মোমবাতি জ্বালান। তাঁর মৃতদেহ গুয়াহাটি পৌঁছালে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা দিল্লির বিমানবন্দরে গিয়ে শ্রদ্ধা জানান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)