)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রাম্প! বিতর্ক আর শিরোনামের জন্য এখন এই একটা নামই যথেষ্ট! ট্রাম্প মুখ খুললেই হয় 'ট্যারিফ বোমা' নয় 'ভিসা বোমা'! এবার অবশ্য ট্রাম্পের দাবি ওষুধ নিয়ে... মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ভবতী মহিলাদের পেইন কিলার হিসেবে টাইলেনল না খাওয়ার আবেদন জানান। কারণ, ট্রাম্পের দাবি টাইলেনল খেলে অটিজম হয় (Painkiller Link To Autism)!
প্রসঙ্গত, আমেরিকায় চিকিৎসরা দীর্ঘদিন ধরেই গর্ভাবস্থায় অ্যাসিটামিনোফেনকে সবচেয়ে নিরাপদ পেইন কিলার হিসেবে দিয়ে আসছিলেন। বিশেষ করে যেহেতু জ্বর ও ব্যথা, মা ও গর্ভস্থ সন্তান উভয়ের জন্যই বিপদ ডেকে আনতে পারে! কিন্তু ট্রাম্প জোর দিয়ে বলেন যে, "টাইলেনল গ্রহণ করা ভালো নয়। টাইলেনল গর্ভস্থ সন্তানের অটিজম ডেকে আনতে পারে!" তাই গর্ভবতী মহিলাদের এই ওষুধ এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
এখন প্রশ্ন হচ্ছে, কী এই টাইলেনল?
টাইলেনল হচ্ছে আসলে প্যারাসিটামল। টাইলেনল মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাসিটামিনোফেন নামে পরিচিত। অন্যান্য দেশে প্যারাসিটামল নামে পরিচিত। জ্বর ও হালকা ব্যথার চিকিৎসায় এই ওষুধ ব্যবহার হয়। অ্যাসিটামিনোফেন সাধারণত মাথাব্যথা, পিঠে ব্যথা, বাতের সামান্য ব্যথা, দাঁতে ব্যথা, পেশীতে ব্যথা, মাসিকের আগে এবং মাসিকের সময় খিঁচুনির মতো ব্যথায় চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।
কী বলছেন WHO বিজ্ঞানী?
অটিজম ডেকে আনে প্যারাসিটামল (Paracetamol Linked To Autism)! ট্রাম্পের এই দাবি খণ্ডন করে দিয়েছেন শিশু বিশেষজ্ঞ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রাক্তন প্রধান বিজ্ঞানী ডঃ সৌম্য স্বামীনাথন। তিনি স্পষ্ট জানান, প্যারাসিটামল একটি প্রমাণিত নিরাপদ ওষুধ। এর ব্যবহার নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। প্যারাসিটামলের সাথে অটিজমের সম্পর্ক থাকার কোনও প্রমাণ আমি দেখতে পাচ্ছি না। বেশ কয়েকটি গবেষণায় প্যারাসিটামলের কার্যকারিতা প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেন, "প্যারাসিটামল সহ যে কোনও ওষুধেরই দীর্ঘমেয়াদী ব্যবহার ক্ষতির কারণ হতে পারে। প্যারাসিটামল কিডনির ক্ষতি করে বলে জানা গিয়েছে। তবে চিকিৎসকের তত্ত্বাবধানে গ্রহণ করলে এটি ব্যবহার করা নিরাপদ। ঝুঁকি কম।" এমনকি শিশু বিশেষজ্ঞ ডঃ সৌম্য স্বামীনাথন প্যারাসিটামলকে "সবচেয়ে নিরাপদ ওষুধগুলির মধ্যে একটি" বলেও দাবি করেছেন। বলেন, আন্তর্জাতিক স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা ফেডারেশন (FIGO)-ই প্যারাসিটামলের ব্যবহারের সুপারিশ করে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)