Mamata Banerjee: দেশে জরুরি অবস্থা জারির ৫০ বছর পূর্তিতে 'সংবিধান হত্যা দিবস'। কেন্দ্রের কর্মসূচি বিরোধিতায় মুখ্যমন্ত্রী। বললেন, 'দেশে তো প্রতি দিন গণতন্ত্র হত্যা করা হচ্ছে। প্রতি দিনই এই দিবস পালিত হওয়া উচিত। সংবিধান রোজ বদলানো হচ্ছে'।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'অমিত শাহকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলেই তো হয়'। 'সংবিধান হত্যা দিবস' কর্মসূচির বিরোধিতায় ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'মোদী তো বাইরে বাইরে ঘুরে বেড়ান। শাহের হাতে সব ছেড়ে দিয়েছেন। বকলমে উনিই তো দেশ চালাচ্ছেন'।
প্রধানমন্ত্রী তখন ইন্দিরা গান্ধী। দেশে জারি হয়েছিল জরুরি অবস্থা। সেই ঘটনার ৫০ বছর পূর্তিতে 'সংবিধান হত্যা দিবস' পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কবে? আগামী ২৫ জুন। রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, 'জরুরি অবস্থার ৫০ বছর ২০২৪ সালে পেরিয়ে গিয়েছে। ২০২৫ সালে কেন সেই দিবস পালন করা হচ্ছে'? সাফ জানিয়ে দিলেন, 'ওরা ওদের মতো পালন করুক। আমরা এই দিবস পালন করছি না। কারণ, তাহলে আমাদের রোজই এই দিবস পালন করতে হবে। প্রতি দিন এই দিবস পালিত হওয়া উচিত'।
মুখ্যমন্ত্রীর মতে, 'দেশে তো প্রতি দিন গণতন্ত্র হত্যা করা হচ্ছে। প্রতি দিনই এই দিবস পালিত হওয়া উচিত। সংবিধান রোজ বদলানো হচ্ছে। পরিকল্পিত ধর্ম চাপিয়ে দেওয়া হচ্ছে'। বলেন, 'নোটবন্দির সময়েই গণতন্ত্র হত্যা করা হয়েছে। কত মানুষকে কত দিন ধরে লাইনে দাঁড়াতে হয়েছে নোট বদলানোর জন্য। কত মানুষ মারা গিয়েছেন! সেই দিনটাকে কেন 'ব্ল্যাক মানি ডে' বলে পালন করা হবে না'?
বাদ যায়নি 'বাংলা দিবস' প্রসঙ্গও। মুখ্যমন্ত্রী বলেন, '২০ জুন প্রতি রাজ্যের রাজভবনে বাংলা দিবস পালন করা হবে বলে ঠিক করা হয়েছে। এই তারিখ কী ভাবে ঠিক করা হল? দেশ স্বাধীন হয়েছে ১৫ অগস্ট। জুন মাসেরও দু'মাস পর। বাংলার প্রতিষ্ঠা দিবস আপনারা ঠিক করে দেবেন? বিজেপি ইচ্ছা মতো চাপিয়ে দেবে? এটা বাংলাকে চরম অসম্মান বলে মনে করছি। বাংলা দিবস পালন করবে বাংলার সরকার। তা-ও ১ বৈশাখ'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)