)
অয়ন ঘোষাল: কলকাতায় চোর সন্দেহে গণপিটুনির ঘটনা নতুন নয়। তবে এই ঘটনা যেন গা শিউড়ে ওঠার মত। কড়েয়ার কুষ্টিয়া রোডে মোবাইল চোর সন্দেহে মহম্মদ সিকন্দর আলম নামে এক ব্যক্তিকে গণপিটুনির অভিযোগ। মঙ্গলবার সকালে মৃত্যু হয় তার। জানা গিয়েছে, ৩ দিন ধরে আটকে রেখে তার উপর চলে নৃশংস, নারকীয় অত্যাচার। অভিযোগ ড্রিল মেশিন দিয়ে পায়ে ফুটো করা হয়।
রবিবার থেকে বুধবার নিখোঁজ থাকা সত্ত্বেও থানা কোনও মামলা দায়ের করেনি বলে অভিযোগ। বুধবার রাতে অচৈতন্য অবস্থায় উদ্ধার করার পর কড়েয়া থানায় অভিযোগ করে সিকন্দরের পরিবার। লিখিত অভিযোগের ভিত্তিতে ৪ জন চারজন গ্রেফতার হয়েছে।
জাহিদ, রকি, সাইদুল, জসীম বলে ৪ অভিযুক্ত গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সায়েন্স সিটির কাছে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সিকন্দারের মঙ্গলবার সকালে মৃত্যু হয়। অভিযুক্তদের পরিজন বা কেউ এলাকায় থাকেনা বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার গভীর রাতে পর্ণশ্রীর এমজি সাহা রোডের ধর্মরাজতলায় টহল দিচ্ছিলেন পুলিসকর্মীরা। একটি পার্কের পাশে দীপক সিং নামে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপর এমজি সাহা রোডেই মহেন্দর সিং নামে এক ব্যক্তির নিথর দেহ উদ্ধার হয়। তবে ঘটনাস্থলে রক্তের কোনও দাগ ছিল না।
দু'জনকেই নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে মহেন্দরকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। দীপককে স্থানান্তর করা হয় এসএসকেএম হাসপাতালে। প্রাথমিক তদন্তে অনুমান, দু'জনই গণপিটুনির শিকার। তবে মহেন্দরকে অন্য কোথাও মারধর করার পর, পর্ণশ্রীর ধর্মরাজ তলায় ফেলে দিয়ে যায় হামলাকারীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)