2026 Summer: ভারতের আবহাওয়া দপ্তর ২০২৬ সালের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর যে পূর্বাভাস দিয়েছে তা রীতিমতো ভয় ধরানো। ভারতের বৃষ্টিপাতের দীর্ঘমেয়াদী গড় হল ৮৭ সেন্টিমিটার। পূর্বাভাস অনুযায়ী, দেশে বৃষ্টির অভাব এবং স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

অয়ন ঘোষাল: ২০২৬ সালে কি কার্যত ফিরতে চলেছে ২০২৪-এর কষ্টদায়ক আবহাওয়া? দীর্ঘমেয়াদী পূর্বাভাসে তেমনটাই ইঙ্গিত মৌসম ভবনের।
ভারতের আবহাওয়া দপ্তর ২০২৬ সালের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর যে পূর্বাভাস দিয়েছে, তাতে ২০২৬ সালের জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষার বৃষ্টিপাত সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে কম হওয়ার সম্ভাবনা রয়েছে। গাণিতিক হিসেবে এই বৃষ্টিপাত দীর্ঘমেয়াদী গড়ের প্রায় ৮৮ থেকে ৯২ শতাংশ হতে পারে। অর্থাৎ ১২ থেকে ৮ শতাংশ ঘাটতি থেকে যাওয়ার আশঙ্কা।
ভারতের বৃষ্টিপাতের দীর্ঘমেয়াদী গড় হল ৮৭ সেন্টিমিটার। পূর্বাভাস অনুযায়ী, দেশে বৃষ্টির অভাব এবং স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেশের উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম এবং দক্ষিণ উপদ্বীপের কিছু এলাকা বাদে বাকি অধিকাংশ অংশেই বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে। যার জেরে জলবায়ুতে প্রভাব পড়বে। তাই আশঙ্কা তৈরি হয়েছে।
বর্তমানে প্রশান্ত মহাসাগরে শীতল অর্থাৎ লা-নিনা পরিস্থিতি দুর্বল হয়ে নিউট্রাল অবস্থায় ফিরছে। তবে বর্ষার মরসুমে উষ্ণতা অর্থাৎ এল-নিনো প্রভাব তৈরির জোরালো সম্ভাবনা রয়েছে। যা কিনা সাধারণত বৃষ্টিপাত কমিয়ে দেয়। অন্যদিকে, ভারত মহাসাগরে পজিটিভ আইওডি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আবার উত্তর গোলার্ধে তুষারপাতের পরিমাণও এই বছর কিছুটা কম ছিল।
সবমিলিয়ে ২০২৬-এ ২০২৪-এর কষ্টদায়ক আবহাওয়ার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কাপ্রকাশ করেছেন আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায়। এখন মৌসুমী বায়ুর গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে আবহাওয়া দফতর ২০২৬ সালের মে মাসের শেষ সপ্তাহে আবার তাদের আপডেট বা চূড়ান্ত পূর্বাভাস প্রকাশ করবে। সেই পূর্বাভাসে কি মিলবে স্বস্তির আভাস? চাতক পাখির মতো তাকিয়ে গোটা দেশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)