)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'ওরা আমাকে বরখাস্ত করুক'। নিজের অবস্থানে অনড় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, 'আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক। ওরা আমাকে বরখাস্ত করুক। আমি চাই, সেই দিনটি হোক একটি কালো দিন'।
ছাব্বিশে ভরাডুবি। পনেরো বছরের রাজ্যত্ব শেষ। এবার বিরোধী আসনে বসতে হবে তৃণমূলকে। মুখ্যমন্ত্রী পদ থেকে অবশ্য ইস্তফা দিতে রাজি নন মমতা। এদিন কালীঘাটে দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকের তিনি।
সূত্রের খবর, বৈঠকে মমতা বলেন, 'আমরা হারিনি । আমাদের জোর করে হারানো হয়েছে। এখনও বিরোধী দলনেতা ঠিক হয়নি, ওরা আগে বিধানসভা গঠন করুক' । তাঁর অভিযোগ, 'দের সাহস দেখুন জিয়াগঞ্জে লেনিন মূর্তি ভেঙে দিয়েছে। আমাকে মেরেছে, ববিকে মেরেছে। আমাদের এখানে হারানো হলেও দিল্লি আমাদের পরবর্তী লক্ষ্য। গোটা INDIA টিম একসাথে লড়াই করব'।
মমতার আরও বক্তব্য, 'আমি মানুষকে বিশ্বাস করি। জ্ঞানেশ কুমার হলেন আসল ভিলেন। এই পরিস্থিতিতে সরাসরি যুক্ত আছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। আমার আজ হাসি পাচ্ছে। নৈতিক ভাবে আমি ওদের হারিয়ে দিয়েছি। দেখেছেন চারিদিকে কি হচ্ছে? নেতাজী-গান্ধীজীকে গেরুয়া আবির মাখাচ্ছে'।
এদিকে ছাব্বিশে ভরাডুবির পর তৃণমূলের অন্দরে এখন বিদ্রোহের সুর। প্রকাশ্যেই মুখ খুললেন দলের অনেক নেতা। পরিস্থিতি এমনই যে, কাঠগড়ায় তোলা হচ্ছে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলে শৃঙ্খলারক্ষায় কমিটি গড়ল তৃণমূল। কমিটিতে থাকছেন ডেরেক ও ব্রায়ান, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অসীমা পাত্র ও শুভাশিস দাস। সংকটের সময়ে যাঁরা দলের বিরুদ্ধাচারণ করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই কমিটি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)