)
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভোটে হারের পর কালীঘাটে দফায় বৈঠক। 'দলটাকে নেশার মত করুন, পেশার মত নয়', দলের লিগাল সেলে নেতাদের বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ছাব্বিশে ভরাডুবি। ভোটে হারের ময়নাতদন্তে তৃণমূল। আজ, শনিবার বিভিন্ন জেলায় তৃণমূলের লিগাল সেলের নেতাদের ডেকে পাঠানো হয়েছিল কালীঘাটে। তাঁদের সঙ্গে বৈঠকে বসেন মমতা।
সূত্রের খবর, বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী। যেমন, দলের যেসব কর্মী ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছে, তাঁদের আইনি সহায়তা দেওয়া, প্রয়োজনে বিনামূল্য়ে। মমতা বলেন, প্রত্য়ন্ত গ্রামের অনেক সাধারণ কর্মী জানেনই না, কীভাবে তাঁরা আইনি সহায়তা পেতে পারেন? সেক্ষেত্রে দলের স্থানীয় নেতাদেরই সক্রিয় হতে হবে। যেসমস্ত কর্মী ঘরছাড়া বা আহত এবং যাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, স্থানীয় নেতারাই দায়িত্ব নিয়ে তাঁদের সঙ্গে আইনজীবীদের পরিচয় করিয়ে দিতে হবে।
এর আগে, কালীঘাটে বিভিন্ন জেলার তৃণমূলনেতাদের সঙ্গে বৈঠক করেন মমতা। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন, 'যারা বেরিয়ে যাওয়ার তারা বেরিয়ে চলে যান, আমি কাউকে আটকাব না। যাঁরা পড়ে থাকবেন তাঁরা নিরেট সোনা। আমি নতুন করে দলকে গড়ব'। সঙ্গে নির্দেশ, সাত দিনের মধ্যে সবাই এলাকা ভিত্তিক রিপোর্ট দিন। কেন হেরেছি সেই সংক্রান্ত রিপোর্ট পাঠান। ব্লক, টাউন, অঞ্চলে মিটিং মিছিল ছোট করে শুরু করুন। ঘরছাড়াদের তালিকা জমা দিন কালীঘাটে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)