)
অর্ণবাংশু নিয়োগী: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল (Joint Entrance Exam Result) কবে? তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আগামী ৭ আগস্টের মধ্যে রিপোর্ট তলব বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের। রাজ্য এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রিপোর্ট তলব। এপ্রিল মাসে পরীক্ষা হয়ে যাওয়ার পরেও এখনও ফলাফল না প্রকাশ করায় আদালতের দ্বারস্থ হন কয়েকজন অভিভাবক। সেই মামলায় এই নির্দেশ দিতে গিয়েই উদ্বেগ প্রকাশ করে হাইকোর্ট।
দ্রুত শুনানির আবেদন গ্রহণ করে বিচারপতি সুজয় পালের বেঞ্চ মঙ্গলবার দুপুর দু’টোয় মামলার শুনানি করে। আদালত জানায়, আগামী বৃহস্পতিবারের মধ্যে জয়েন্ট এন্ট্রাস বোর্ডকে রিপোর্ট দিয়ে আদালতকে জানাতে হবে, কবে ফল প্রকাশ সম্ভব, এবং এই দেরীর কারণ কী। দু’মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে, জয়েন্ট এন্ট্রাসের পরীক্ষা হয়ে গিয়েছে। তারপরও ফল প্রকাশ না হওয়ায় উদ্বিগ্ন লক্ষাধিক পড়ুয়া-অভিভাবক।
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল সাত দিনের মধ্যে প্রকাশ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একটি জনস্বার্থ মামলায় মঙ্গলবার বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ, সাত দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। অন্যথায় কেন ফল প্রকাশ করা যাচ্ছে না, এই ব্যাপারে হলফনামা দিতে হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে।
ইতিমধ্যেই সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষা জেইই মেন্স, জেইই অ্যাডভান্সড এবং নিট ইউজি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলে বেশির ভাগ রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। ওদিকে সোমবারই ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)