)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিজিও কমপ্লেক্সে ঢুকলেন, কিন্তু আর বেরোলেন না। ১০ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার সোনা পাপ্পু। তোলাবাজি ও প্রতারণার মামলায় তাঁকে গ্রেফতার করল ইডি।
গত ফেব্রুয়ারি মাসে কাকুলিয়ার অশান্তিতে নাম জড়িয়েছিল এই সোনা পাপ্পির। তারপর থেকে সাড়ে তিনমাস ফেরার ছিলেন তিনি। ৫ বার নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু প্রত্যেকবারই হাজির এড়িয়ে যান সোনা পাপ্পু। ভোটের মুখে এপ্রিল মাসে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। একটি দামী গাড়ি ও বেশ কিছু সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয়। এমনকী, তাঁর বাড়িতে একটি বিদেশি পিস্তলও পাওয়া যায় বলে ইডি সূত্রের খবর। ইডির খাতায় ফেরার থাকলে, সোনা পাপ্পু কিন্তু মাঝেমধ্যেই ফেসবুকে লাইভ করতেন। এরপর আজ, সোমবার হঠাত্-ই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। তারপরেই গ্রেফতারি।
ইডি সুত্রে খবর, তোলাবাজি, হুমকি-সহ একাধি অভিযোগে পাপ্পুর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। কসবা, বালিগঞ্জের বিভিন্ন এলাকায় নাকি সিন্ডিকেটের রাশও ছিল তাঁর হাতেই! একই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বেহালার ব্যবসায়ী জয় কামদারকে। কলকাতা পুলিসকর্তা শান্তনু সিনহা বিশ্বাসও এখন ইডির হেফাজতে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)