Supreme Court: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এবং কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের জন্য মুখ্যমন্ত্রীর চিহ্নিত অর্ডার অফ প্রেফারেন্সের তালিকায় থাকা এক নম্বর প্রার্থীকে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে।

রাজীব চক্রবর্তী: উপাচার্য নিয়োগে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। রাজ্যের ১৫টি বিশ্ববিদ্যালয়ে কারা হবেন উপাচার্য, সেটা আর মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল কেউই এককভাবে ঠিক করতে পারবেন না। এবার সেই দায়িত্ব পড়ল প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিতের (Uday Umesh Lalit) নেতৃত্বাধীন একটি সিলেকশন কমিটির উপর। এমনটাই জানিয়ে দিল বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ।
গত ৮ জুলাই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সিলেকশন কমিটি প্রতিটি প্রার্থীর যোগ্যতা আলাদা করে খতিয়ে দেখবে। তারপর তালিকা পাঠাবে মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী নিজের পছন্দ অনুযায়ী অর্ডার অফ প্রেফারেন্স তৈরি করে পাঠাবেন রাজ্যপালের কাছে। এই তালিকা নিয়ে রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৫টির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল আলাদা মত দিয়েছেন। তাই আদালতের আজকের রায়— দু’পক্ষের বক্তব্য শুনে নিরপেক্ষভাবে উপাচার্যদের অর্ডার অফ প্রেফারেন্স তৈরি করবেন বিচারপতি ললিত।
যত দ্রুত সম্ভব সেই কাজ শেষ করার নির্দেশও দিয়েছে আদালত। শুক্রবার শুধু দুটি বিশ্ববিদ্যালয়ের জন্য নিয়োগে ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হচ্ছেন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। কোচবিহার বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর তালিকায় থাকা প্রথম পছন্দের প্রার্থীই হবেন উপাচার্য। বিশ্বভারতীর উপাচার্য পদে অধ্যাপক সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের নাম সুপারিশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যপাল অনুমোদন দেননি। তাঁর যুক্তি ছিল, সোনালি অন্য একটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে রয়েছেন। তাই তাঁকে রবীন্দ্রভারতীর উপাচার্য পদে নিয়োগ করা যাবে না।
চার সপ্তাহ পর ফের শুনানি। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। রাজ্য-রাজ্যপাল বিবাদে নজিরবিহীন সিদ্ধান্ত বলা যেতে পারে সুপ্রিম কোর্টের। প্রসঙ্গত, অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপালের সংঘাত চলছিল বহুদিন ধরেই। সেই মামলার জল গড়িয়েছিল শীর্ষ আদালত পর্যন্ত। পরবর্তীতে ২০২৪-এর জুলাই মাসে প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের নেতৃত্বে ‘সার্চ-কাম-সিলেকশন কমিটি’ গঠন করে আদালত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)