)
প্রবীর চক্রবর্তী: বিধানসভা ভোটের শোচনীয় হারের পর আক্রমণ, প্রতি আক্রমণে গৃহযুদ্ধের পরিস্থিতি তৃণমূল শিবিরে। কেউ কাট মানির কথা তুলেছেন, কেউ দলের নেতার মুন্ডপাত করছেন তো কেউ বলছেন যত নষ্টের গোড়া আইপ্যাক। আর এই আইপ্যাককে বাড়িয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় ও দলনেত্রী। এরকমই এক বেনজির সংঘাতে তুলকালাম তৃণমূলের উত্তর কলকাতা হোয়াটসঅ্যাপ গ্রুপ।
তৃণমূলের সেইসব হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হয়ে গিয়েছে । সেইসব চ্যাটে সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্যায়কে তীব্র আক্রমণ কাউন্সিলরের। পাল্টা কাউন্সিলরকে ঘুরপথে‘কুত্তা’বলে অপমান সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়ের। যিনি আবার উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস সভাপতিও।
ভোটের ফলপ্রকাশের পর দলের অনেক কর্মী ঘরছাড়া। তাঁদের ঘরে ফেরাতে নিষ্ক্রিয় বলে অভিযোগ কাউন্সিলর সুব্রত বন্দোপাধ্যায়ের। জবাবে তৃণমূল কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়ে ‘কুত্তা’ বলে অপমান করেছেন সুদীপ বন্দোপাধ্যায়। এই অভিযোগে সরগরম NORTH KOLKATA AITC OFFICIAL হোয়াটসঅ্যাপ গ্রুপ।
শনিবার রাতে উত্তর কলকাতা জেলার তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায় সরাসরি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়তে সম্বোধন করে লেখেন, ‘সুদীপদা, আপনি উত্তর কলকাতার অঘোষিত সম্রাট। আপনার তো উচিত ছিল ঘরছাড়াদের ঘরে ঢোকানো। অথচ আপনি নিজেই ঘরে ঢুকে বসে আছেন। অনেক হয়েছে এবার ছাড়ুন। সুস্থ থাকুন, ভাল থাকুন।’
ওই মন্তব্যের পরই সুদীপ ঘনিষ্ঠ সুনন্দা সরকার তাঁকে পালটা প্রশ্ন করেন, ‘তোমার এমএলএ কী করছে? যার এত পাওয়ার, নিজের দলের কর্মীদের কেস দিয়ে থানায় বসিয়ে রাখত, সে এখন কোথায়?’ এর জবাবে সুব্রত লেখেন,‘শশী পাঁজা আর এমএলএ নেই। কিন্তু সুদীপদা এখনও এমপি এবং উত্তর কলকাতার প্রেসিডেন্ট।’
খোদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সুনন্দা সরকারকে জবাব দিয়ে লেখেন, ‘সুনন্দা, এদেরকে একটাই উত্তর, হাতি চলে বাজার/কুত্তে ভোকে হাজার। জবাব দিও না,আমি দিয়ে দেব।’ সুনন্দা ফের লেখেন, ‘সহ্যের সীমা ছাড়িয়ে গেছে।’ সুদীপের মন্তব্যের সূত্র ধরে আবার সুব্রত বন্দ্যোপাধ্যায় আবার গ্রুপে লেখেন,‘দলের কাউন্সিলরকে যে কুত্তা বলে,সে ভুলে যাচ্ছে সে কুত্তার চেয়ারম্যান।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)