)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে নাটকীয় মোড়। মামলা থেকে মূল অভিযুক্ত রাজ সিং-কে অব্যাহতি দেওয়ার আবেদন জানাল খোদ সিবিআই-ই! আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী জানালেন, তদন্তে বিভ্রান্তি কারণেই গ্রেফতার করা হয়েছিল রাজকে।
উত্তরপ্রদেশের মুজফফরনগরের ছপার টোল প্লাজা থেকে গ্রেফতার করা হয় এই রাজ সিং-কে। কবে? সোমবার সকালে। হরিদ্বার থেকে সে দিল্লি পালানোর চেষ্টা করছিল বলে খবর। গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে পাকড়াও করে সিবিআই ও মোজাফফরনগর পুলিস। আজ, মঙ্গলবার ধৃতকে পেশ করা হয় বারাসত আদালতে। তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
ধৃতদের পরিবারে দাবি, মধ্য়মগ্রাম যখন চন্দ্রনাথ রথ খুন হন, তখন উত্তরপ্রদেশের একটি বিয়ের অনুষ্ঠান ছিলেন রাজ। শপিংমলে কেনাকাটা করছিলেন। সিবিআই সূত্রে খবর, গোটা বিষয়টি খতিয়ে দেখেছে উত্তরপ্রদেশ পুলিশের STF। রাজের পরিবারের কথায় যে সত্যতা আছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সেকথা জানিয়েছে তারা।
এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুনে গ্রেফতার আরও ১। সিবিআইয়ের দিল্লি টিমে জালে পুনিত রাই নামে এক শুটার। বারাণসী থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
যেদিন ভোটের ফলাফল ঘোষণা, তার ২ দিন পরই খুন হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। গত ৬ মে রাতে কলকাতা থেকে বাইকে চেপে চন্দ্রনাথের গাড়ি ধাওয়া করে দুষ্কৃতীরা। এরপর মধ্যগ্রামের দোহাড়িয়া এলাকায় গাড়ি লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালানো হয়। বুকে গুলি লাগে শুভেন্দুর আপ্ত সহায়কের। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)