)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বকেয়া ডিএ কবে মিলবে? সুপ্রিম কোর্টে আরও ৬ মাস সময় চেয়ে আবেদন করল রাজ্য সরকার। যুক্তি, বকেয়া ডিএ মেটানোর জন্য যে অর্থের প্রয়োজন, সেই টাকা চলতি অর্থবর্ষের বাজেটে বরাদ্দ নেই। সরকারি কর্মীদের নয়, বরং ডিএ-টাকা শীর্ষ আদালতেই জমা রাখার অনুমতিও চাওয়া হয়েছে। রাজ্যের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ পুর্নবিবেচনার আর্জি জানানো হচ্ছে। সেক্ষেত্রে আদালত যদি রায় পক্ষে গেলে, টাকা আর উদ্ধার করা যাবে না।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ফারাক ৩৭ শতাংশ। পশ্চিমবঙ্গে যখন রাজ্য সরকারি কর্মচারীরা ১৮ শতাংশ হারে ডিএ পান, তখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতার হার ৫৫ শতাংশ। বকেয়া ডিএ-র দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছেন সরকারি কর্মচারীদের একাংশ।
২৭ জুনের মধ্যে কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করোলের মন্তব্য করেছিলেন, 'এই মামলায় ট্রাইব্যুনাল কোর্ট, হাই কোর্টের ডিভিশন বেঞ্চ— সব জায়গার রায় আমরা খতিয়ে দেখেছি। সব ক্ষেত্রেই ডিএ-র পক্ষে রায় দেওয়া হয়েছে'। সেই সময় সময়সীমা শেষ হল আজ, শুক্রবার। কিন্তু কোর্টের নির্দেশের পরেও বকেয়া ডিএ পেলেন না রাজ্যের প্রায় ১০ লক্ষ সরকারি কর্মী ও পেনশন প্রাপক। সুপ্রিম কোর্টে কাছে সময় চাইল রাজ্য।
সুপ্রিম কোর্ট প্রথমে জানিয়েছিল, বকেয়া ডিএ-র ৫০ শতাংশ দিয়ে দিতে হবে রাজ্যকে। রাজ্যর তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান, ৫০ শতাংশ বকেয়া ডিএ দেওয়া এখনই সম্ভব নয়। তা হলে রাজ্য চালানো যাবে না। এরপর ২৭ জুনের মধ্যে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)