)
অয়ন ঘোষাল: মহালয়ার (Mahalaya) সময় সূর্যগ্রহণ (Solar Eclipse)? বিঘ্ন ঘটবে পিতৃপুরুষকে জলদানে, তর্পণক্রিয়ায় (Rituals of Tarpan)? সূর্যগ্রহণ কখন শুরু, কখন শেষ? শাস্ত্রীয় বিধিসম্মত কাজ কি বন্ধ রাখতে হবে? গ্রহণ কি বাংলা থেকে দেখা যাবে? এরকম নানা প্রশ্ন মনে ভিড় করছে।
২১ সেপ্টেম্বর
হ্যাঁ, ঠিকই, আগামী ২১ সেপ্টেম্বর মহালয়া। পঞ্জিকা অনুযায়ী ওইদিন ভোর ৩ টে ৫৩ মিনিট থেকে অমাবস্যা যোগ। তখন থেকেই ভারতের বিভিন্ন ঘাটে ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল ও পিণ্ড নিবেদন করে তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
মহালয়ায় গ্রহণবিঘ্ন?
কিন্তু এবারের মহালয়া ঘিরে অনেকের মনেই একরাশ প্রশ্ন। কেন? কারণ, ওই সূর্যগ্রহণসংবাদ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এরকম একাধিক পোস্ট ভাইরাল হয়েছে যে, গ্রহণের দিনে মহালয়া ফলে, বিঘ্ন ঘটবে তর্পণপর্বে।
কী বলছেন শাস্ত্রবিদেরা?
হিন্দুশাস্ত্র গবেষক তথা শাস্ত্রবিদেরা কিন্তু এই সব সোশ্যাল-যুক্তি উড়িয়ে দিচ্ছেন। তাঁরা পরিষ্কার বলছেন, যে-সূর্যগ্রহণ দৃশ্যমান নয়, তার কোনো প্রভাব কোনো ধর্মীয় বা শাস্ত্রীয় কাজে কখনও পড়ে না, এবারেও পড়ছে না। তাঁরা জানিয়ে দিচ্ছেন, আগামী ২১ সেপ্টেম্বরের সূর্যগ্রহণ ভারতে কোথাও দৃশ্যমান নয়।
জ্যোতির্বিজ্ঞানীদের মত
আরও একধাপ এগিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, গ্রহণের সময়কাল কার্যত মহালয়ার দিন পেরিয়ে প্রতিপদে পড়ছে। কারণ, ২১ সেপ্টেম্বর ভারতীয় সময়ে সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত ১১ টায়। গ্রহণের চূড়ান্ত মুহূর্ত অর্থাৎ, যখন সূর্য ৮৫.৫ শতাংশ ঢাকা পড়ছে চাঁদের ছায়ায়, ভারতে তখন বাজবে রাত ১টা ১৩ মিনিট, এবং তারিখ হিসেবে সেটা ২২ সেপ্টেম্বর। আর গ্রহণ যখন ছেড়ে যাচ্ছে, তখন ভারতীয় সময়ে শেষ রাত ২২ তারিখের ৩ টে ২৪ মিনিট। ফলে তর্পণের সময়কালে, অর্থাৎ, ২১ তারিখ ভোর ৩ টে ৫৩ মিনিট থেকে বেলা দেড়টার মধ্যে এর ন্যূনতম কোনো সম্পর্কই নেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)