)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছর ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘা এখনও দগদগে। যার জেরে এবছর সাধারণতন্ত্র দিবসে মারাত্মক নিরাপত্তা বলয়ে মুড়েছে রাজধানী। ২৬ জানুয়ারির আগেই বড়সড় নাশকতার ছক বানচাল করল রাজস্থান পুলিস।
জানা গিয়েছে, শনিবার গভীর রাতে নাগৌর জেলার এক নির্জন গুদামে তল্লাশি অভিযান চালায় পুলিস। সেখান থেকে প্রায় ১০ হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করেছে। এই অভিযানটি পুলিসের একটি বিশেষ দল এবং স্থানীয় পুলিসের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। পুলিস আরও জানিয়েছে, এই বিস্ফোরক দ্রব্যগুলো হরসৌর গ্রামে থওলা পুলিস স্টেশনের অধীন এক গুদাম থেকে উদ্ধার করা হয়। সেখানে ১৮৭ স্যাক অ্যামোনিয়াম নাইট্রেট (প্রায় ৯,৫৫০ কেজি), ডেটোনেটর, ডেটোনেটর ওয়্যার এবং অন্যান্য বিস্ফোরক উপাদান পাওয়া গিয়েছে। এসব বিস্ফোরক দ্রব্য খামারের চারটি ঘরে লুকিয়ে রাখা হয়েছিল, যাতে এগুলো ধরা না পড়ে। অভিযুক্ত ব্যক্তি সুলেমান খানকে আটক করা হয়েছে।
নাগৌর জেলার পুলিস সুপার মৃদুল কাচহাওয়া জানান, প্রাথমিক তদন্তে সুলেমান স্বীকার করেছেন যে, সে এই বিস্ফোরক দ্রব্য অবৈধ খনি কাজে জড়িত ব্যক্তিদের কাছে বিক্রি করত। পুলিস মনে করছে, উদ্ধার করা বিস্ফোরক দ্রব্যের দাম অবৈধ বাজারে কয়েক কোটি টাকা হতে পারে। এছাড়াও অ্যামোনিয়াম নাইট্রেট অতীতেও একাধিক বড় বিস্ফোরণের ঘটনায় ব্যবহৃত হয়েছে। বিশেষ করে ২০২৫ সালের নভেম্বর মাসে দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় যে বিস্ফোরণ হয়েছিল, সেখানেও এই রাসায়নিকের যোগ ছিল বলে তদন্তে আসে।
তদন্তে পাওয়া গিয়েছে যে, সুলেমানের বিরুদ্ধে আগেও তিনটি মামলা ছিল। দুটি এখন বিচারাধীন, আর একটি মামলায় তিনি খালাস হয়েছেন। তার বিরুদ্ধে বিস্ফোরক আইন, ১৮৮৪ এবং বিস্ফোরক পদার্থ আইন, ১৯০৮-সহ বিভিন্ন আইনে মামলা করা হয়েছে। পুলিস আরও তদন্ত করছে এবং জানার চেষ্টা করছে এই বিস্ফোরক দ্রব্যগুলোর সরবরাহ চেইন কী এবং এগুলোর উদ্দেশ্য কী ছিল।
উল্লেখ্য, এর আগে গত নভেম্বরে দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণ হয়েছিল। তার ঠিক আগেই হরিয়ানার ফরিদাবাদ থেকে ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছিল পুলিস। উত্তর ভারতের বিভিন্ন জায়গা থেকে মোট উদ্ধার হওয়া বিস্ফোরকের পরিমাণ ছিল ২৯০০ কেজি। সাধারণতন্ত্র দিবসের ঠিক আগে রাজস্থান থেকে একসঙ্গে ১০ হাজার কেজি বিস্ফোরক উদ্ধারের ঘটনায় রীতিমত তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)