)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঞ্জাবের প্রাক্তন ডিরেক্টর জেনারেল অফ পুলিস (DGP) মহম্মদ মুস্তাফা (Mohammed Mustafa)- ছেলে আকিল আখতারের (Aqil Akhtar) মৃত্যুর ঘটনায় ১৮০ ডিগ্রি মোড়। ছেলের মৃত্যুর সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করলেন পাঞ্জাবের প্রাক্তন ডিজিপি মুস্তাফা। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে সর্বৈব 'ভিত্তিহীন' বলে দাবি করে তিনি বলেন, 'খুব শিগগিরই সত্য বেরিয়ে আসবে। মানুষ সত্যিটা জানতে পারবে।'
মুস্তাফার কথায়, ছেলে আকিল আখতারের (Aqil Akhtar) মৃত্যুর ঘটনায় তিনি ও তাঁর স্ত্রী রাজিয়া সুলতানার (Razia Sultana) বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর "ভিত্তিহীন"। তিনি বলেন, "পুলিসের কাজই হচ্ছে, যদি পুলিস কোনও বিষয়ে লিখিত অভিযোগ পায়, তাহলে সেই অভিযোগের উপর এফআইআর নথিভুক্ত করা। সেটা তাদের কর্তব্য হয়ে দাঁড়ায়। পঞ্চকুলা পুলিস এই দায়িত্ব পালন করেছে। আমি এটাকে সম্মান করি।" এরপরই তাঁর দাবি, তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সবটাই "নোংরা রাজনীতি এবং সস্তা চিন্তাভাবনা"-র ফল। যার মূল লক্ষ্য-ই হচ্ছে তাঁর পরিবারের সুনাম নষ্ট করা।
মুস্তাফা সাফ হুঁশিয়ারি দেন, "যাঁরা ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করেছেন, তাদেরও আইনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত।" রাজ়িয়া, মুস্তাফা, তাঁদের কন্যা এবং আকিলের স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগে দায়ের হয়েছে এফআইআর। প্রসঙ্গত, পাঞ্জাবের প্রাক্তন ডিরেক্টর জেনারেল অফ পুলিস (DGP) মোহাম্মদ মুস্তাফা এবং প্রাক্তন পাঞ্জাব মন্ত্রী ও কংগ্রেস নেত্রী রাজিয়া সুলতানার (former Punjab minister and Congress leader Razia Sultana) ছেলে আকিল আখতারকে গত বৃহস্পতিবার গভীর রাতে তাঁর পঞ্চকুলার বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়।
অভিযোগ ওঠে, বাবা এবং তাঁর স্ত্রীর মধ্যে অবৈধ সম্পর্কের জেরেই মানসিক যন্ত্রণার শিকার হয়ে আত্মহত্যা করেছেন ৩৩ বছর বয়সী ওই যুবক। একটি ভিডিয়ো সামনে আসে, যেখানে আকিলকে বলতে শোনা যায়, 'আমার বউ তো আমার বাবার শয্যাসঙ্গী! আমার মেয়েও আমার কিনা কে জানে!' এই ভিডিয়ো করেই নিজের জীবনে দাঁড়ি টানেন মন্ত্রীপুত্র। আর ভিডিয়ো সামনে আসতেই শুরু হয়ে যায় হইচই। যদিও পরিবারের দাবি, অতিরিক্ত মাদক সেবনের (drug overdose) কারণেই মৃত্যু হয়েছে আকিলের। এখন তদন্ত কী বলে, সেটাই দেখার। উত্তর লুকিয়ে সময়ে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)