)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিমাচল (Himachal) প্রদেশের মান্ডিতে (Mandi) মেঘভাঙা বৃষ্টিতে আকস্মিক বন্যা। মেঘ ভাঙা বৃষ্টির (Cloudburst) কারণে হিমাচল প্রদেশের মান্ডি শহরে সোমবার রাতে আকস্মিক বন্যায় (Flash Floods) ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন, এতে তিনজন নিহত হয়েছেন, ২০টিরও বেশি যানবাহন ভেসে গেছে এবং বেশ কয়েকটি বাড়িঘর জলমগ্ন হয়েছে।
বন্ধ জাতীয় সড়ক
এই প্রাকৃতিক দুর্যোগের জেরে বন্ধ চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক ৪ মাইল, ৯ মাইল এবং ডওয়াদায়। কারণ সড়কের অংশবিশেষ ভেসে গিয়েছে। বৃষ্টির তীব্রতা এতই ছিল যে সুকাটি নাল্লা (নর্দমা) দিয়ে প্রবল জলরাশি বিশাল ধ্বংসস্তূপ বয়ে নিয়ে গিয়েছে! যা পাঁচ কিলোমিটার এলাকার বেশ কয়েকটি জায়গায় ঢুকে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেল রোড, সাইনি মহল্লা এবং জোনাল হাসপাতাল এলাকা।
৩ মৃত্যু, ১ আহত, নিখোঁজ...
মান্ডির ডেপুটি কমিশনার অপূর্ব দেবগন মঙ্গলবার জানিয়েছেন, এই বিপর্যয়ের জেরে তিনজন মারা গিয়েছেন, একজন আহত হয়েছেন, এবং একজন মহিলা নিখোঁজ রয়েছেন। তিনি আরও জানান, উদ্ধার-অভিযান পুরোদমে চলছে, প্রায় ১৫-২০ জনকে উদ্ধার করা গিয়েছে। বিরোধী দলের নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর এবং মান্ডির ডিসি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
১ মাস আগে
মান্ডি জেলায় এক মাস আগেই ঘটে গিয়েছে বড় ধরনের বিপর্যয়। এজন্য কেন্দ্রীয় সরকারের বিশেষ কমিটিও সরেজমিনে তদন্ত করে আসে এখানে। গত ৩০ জুন-১ জুলাই রাতে ১৫ জন মারা গিয়েছিলেন সেই দুর্যোগে। এর পরে এই নতুন বিপর্যয়। সাধারণ মানুষ ও প্রশাসনের দুর্ভোগ আরও বাড়িয়েছে এবারের দুর্যোগ।
বিপর্যয়
এদিকে, অবিরাম বৃষ্টির কারণে ভূমিধসে ওল্ড কাংরা ঘাটে শিমলা-মাতুর জাতীয় সড়কও বন্ধ হয়ে গিয়েছে। রাজ্যর বিভিন্ন অংশ থেকে গাছ উপড়ে পড়া এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (SEOC) অনুসারে, সোমবার রাতে দুর্যোগ-বিধ্বস্ত মান্ডি জেলায় ১২১টি সহ মোট ২০০টি রাস্তা যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এবং রাজ্য জুড়ে ৬২টি ট্রান্সফরমার এবং ১১০টি জল সরবরাহ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)