)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীতের কাঁপুনির মধ্যেই মরণ দুলুনি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Center for Seismology) তথ্য অনুযায়ী, ভোর ৪টে ১৭ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় অসমে। উৎসস্থল ছিল মোরিগাঁও জেলা (Assam's Morigaon district)। ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে। জানা গিয়েছে, মধ্য অসমের অধিকাংশ অঞ্চল জুড়েই কম্পন অনুভূত হয়েছে।
ভোরে ভয়
জানা গিয়েছে, ভূমিকম্পের তীব্রতা এতই বেশি ছিল যে আতঙ্কে অনেকেই ভোররাতের ওই প্রবল ঠান্ডার মধ্যেও বাড়ি থেকে বেরিয়ে চলে আসেন। তাঁদের ভয় হচ্ছিল, যদি মাথার উপর বাড়ি ভেঙে পড়ে! তবে, এখনও পর্যন্ত প্রাণহানি বা বড়সড় ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। জানা গিয়েছে, কোপিলি ফল্ট লাইনই ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। এর আগেও একাধিক ভূমিকম্প হয়েছে এখানে।
অসমের আগে ত্রিপুরায়
অসমের আগে ত্রিপুরায় ভূমিকম্প হয়। সোমবার রাত ৩টে ৩৩ মিনিট নাগাদ ত্রিপুরায় গোমতীতে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৯। আর এর পরই অসমে ৫.১ মাত্রার ভূমিকম্প হয়।
সতর্ক
হাড়কাঁপানো শীতের মাঝেই সোমবার ভোরের এই ৫.১ মাত্রার কম্পন রীতিমতো আতঙ্ক ছড়াল অসম-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষয়তির কোনও খবর পাওয়া যায়নি। ভারতের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা তথা ‘ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’র (এনসিএস) নজর রাখছে পরিস্থিতির উপর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)