)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরাখণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা। হরিদ্বারে মনসা দেবী মন্দিরে পদপিষ্টে ৭জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। একাধিক গুরুতর আহত হয়েছে বলেও জানা যাচ্ছে। ঘটনাটি ঘটে, মন্দিরের সিঁড়িতে যেখান দিয়ে মূল মন্দিরে যাওয়া যায়। ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে।
গড়ওয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে এক সংবাদ সংস্থাকে ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মন্দিরে প্রচণ্ড ভিড় জমে যায়, যার জেরে দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, রবিবার মনসা দেবী মন্দিরে হঠাৎ একটি হাই ভোল্টেজের বৈদ্যুতিক তার পড়ে যায়। যার ফলে দর্শনার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর সেখানে উপস্থিত ভক্তরা পদপিষ্টের শিকার হন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিস ও প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করে। আহতদের কাছের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দুর্ঘটনার কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
এসএসপি প্রমোদ সিং ডোবাল জানিয়েছেন, দুর্ঘটনায় আহত মোট ৩৫ জন ভক্তকে জেলা হাসপাতালে আনা হয়েছে, যার মধ্যে পদদলিত হয়ে ছয়জন ভক্তের মৃত্যু হয়েছে এবং অন্যরা আহত হয়েছেন। গুরুতর অবস্থায় রোগীদের উচ্চতর কেন্দ্রে রেফার করা হচ্ছে।
অন্য়দিকে, পবিত্র শ্রাবণ মাসে উত্তরাখণ্ডের সমস্ত তীর্থস্থানে ভক্তদের ঢল নামে। এই সময়ে একাধিক ভক্ত হরিদ্বারে গঙ্গাজল সংগ্রহ করতে আসেন। যার ফলে থিকথিকে ভিড় জমে যায়।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি পদপিষ্টের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ও ঘটনাটি পর্যবেক্ষণ করছেন। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, 'হরিদ্বারে মানসা দেবী মন্দির যাওয়ার পথে পদপিষ্টের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। স্থানীয় পুলিস ও অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে আছি এবং পরিস্থিতির উপর নিবিড় নজর রাখা হচ্ছে। আমি মা দেবীর কাছে প্রার্থনা করছি যেন সকল ভক্ত নিরাপদ থাকেন এবং সুস্থ থাকেন।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)