)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০০৬ সালের মুম্বই ট্রেন বিস্ফোরণ (Mumbai Train Blast) মামলায় ১২ জন অভিযুক্তকে খালাস দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। আদালত সোমবার রায়ে বলেছে, অভিযুক্তদের বিরুদ্ধে সরকারপক্ষ অভিযোগের প্রমাণ হাজির করতে পুরোপুরি ব্যর্থ। সে কারণে ওই ১২ জনের বিরুদ্ধে কোনও অপরাধই প্রমাণ করতে পারেনি তদন্তকারীরা। উল্লেখ্য, ২০০৬ সালের ১১ জুলাই অর্থাৎ প্রায় ১৯ বছর পর মুম্বই নাশকতা মামলার রায় দিল। ২০০৬ সালের ১১ জুলাই মুম্বইয়ের শহরতলি ট্রেন লাইনের সাতটি শাখায় লাগাতার বিস্ফোরণ হয়েছিল। প্রায় ১১ মিনিটের মধ্যে একের পর এক বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১৮৯ জনের এবং জখম হয়েছিলেন ৮২৭ যাত্রী।
প্রেসার কুকার বিস্ফোরণ
এই নামেই পরিচিত ২০০৬ সালের মুম্বই লোকাল বিস্ফোরণ। ভয়াবহ ঘটনার ৯ বছর পর ২০১৫ সালে ট্রায়াল কোর্টে ১২ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের যাবজ্জীবনের সাজা শোনানো হয়। সেই রায়ের বিরোধিতা করে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয় ১২ অভিযুক্ত। তাদের আবেদনের ভিত্তিতে বিচারপতি অনিল কিলোর এবং বিচারপতি শ্যাম চন্দোকের বেঞ্চ জানিয়ে দেয়, মুম্বই বিস্ফোরণের প্রত্যেক অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করা হল।
অভিযুক্ত:
ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ১৩ জনকে। ১৫ জন নিখোঁজ ছিল। তাদের কয়েকজন পাকিস্তানি বলে অভিযোগ ছিল তদন্তকারীদের। মহারাষ্ট্রের সংগঠিত অপরাধ দমন শাখা (MCOCA) ও ইউএপিএ-র (UAPA) বিভিন্ন ধারায় সন্ত্রাসবাদ দমন বাহিনী (ATS) ২০০৬ সালের নভেম্বরে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করে।
২০১৫ সালে বিচারাধীন আদালতে ১২ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। তাদের মধ্যে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। আইন অনুসারে রাজ্য সরকার হাইকোর্টে মৃত্যুদণ্ড কার্যকর করতে আবেদন করে। অন্যদিকে, অভিযুক্তরাও শাস্তির বিরোধিতা করে হাইকোর্টে আর্জি জানায়।
কী জানাল বিচারপতির বেঞ্চ:
দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণ পেশ করা যায়নি। এই অভিযুক্তরাই যে বিস্ফোরণ ঘটিয়েছে, সেটা বিশ্বাস করা খুবই কঠিন। তাই ১২জনের দোষী প্রমাণিত হওয়ার রায় খারিজ করা হল। আদালতের মতে, কী ধরনের বোমা ব্যবহার করে বিস্ফোরণ ঘটেছিল সেটাও জানা যায়নি। তদন্তে পাওয়া প্রমাণাদির সঙ্গেও বিস্ফোরণের যোগ নেই। ফলে ১২ অভিযুক্ত বেনিফিট অফ ডাউট দেওয়া হয়েছে। জেল থেকে মুক্তি পেতে চলেছেন ১২জন।
প্রসঙ্গত, ২০০৬ সালের ১১ জুলাই মাত্র ১১ মিনিটের মধ্যে মুম্বইয়ের একাধিক লোকাল ট্রেনে বিস্ফোরণ ঘটে। মূলত প্রেশার কুকারের মধ্যেই বোমা রাখা হয়েছিল বলে খবর। সন্ধে ৬টা ২৪ থেকে ৬টা ৩৫ মিনিটের মধ্যেই বিস্ফোরণগুলি ঘটে। সবমিলিয়ে ১৮৯ জনের মৃত্যু হয়। কিন্তু প্রমাণের অভাবে সকল অভিযুক্তই ছাড় পেয়ে গেল সোমবার। যদিও আদালতের এই রায়ের তীব্র নিন্দা করেছেন শিব সেনা সাংসদ মিলিন্দ দেওরা। মুম্বইকর হিসাবে এই রায় মানতে পারছেন না তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)