Pahalgam Terror Attack: রণংদেহী মেজাজে ভারত, পাকিস্তানকে ইঞ্চিতে-ইঞ্চিতে জবাব দিতে চায় এবার। ভারতের পাশে আগেই দাঁড়িয়েছিল ইজ়রায়েল। এবার পাশে দাঁড়াল আমেরিকা। জানিয়ে দেওয়া হল সব রকম সাহায্য করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam Terror Attack) গত মঙ্গলবার জঙ্গিদের হত্যালীলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন বাদে সকলেই পর্যটক। ঘটনার পরদিনই থেকেই দেশ জুড়ে পাক মাটিতে ফের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি উঠেছে। একেবারে রণংদেহী মেজাজেই ভারত। যে কোনও মুহূর্তে ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধতে পারে বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ইজ়রায়েল আগেই জানিয়েছিল যে, তারা ভারতের পাশে আছে। এবার আমেরিকা থেকে চলে এল সব রকম সাহায্যের আশ্বাস।
শুক্রবার আমেরিকার গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড ভারতকে সমর্থন জানিয়ে বিরাট বার্তা দিয়েছেন। তুলসী এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'পহেলগাঁওয়ে ২৬ জন হিন্দুকে লক্ষ্য করে হত্যা করেছে ভয়াবহ ইসলামপন্থী সন্ত্রাসবাদীরা। এই পরিস্থিতিতে আমরা ভারতের সঙ্গে রয়েছি। আমার প্রার্থনা এবং গভীর সহানুভূতি তাঁদের প্রতি, যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের সকল মানুষের সঙ্গে আছি। এই জঘন্য হামলার জন্য যাঁরা দায়ী, তাঁদের খুঁজে বের করার সময়েও আমরা আপনাদের সঙ্গে আছি এবং সমর্থন করছি।'
ইজ়রায়েলের বিদেশ মন্ত্রক থেকে দু'দিন আগে বিবৃতিতে বলা হয়েছিল, 'আমরা ভারতের পাশে আছি। এটি আমাদের নৈতিক অবস্থান। বন্ধু এভাবেই বন্ধুর পাশে থাকে'। আমরা মনে করি যে, ইজ়রায়েলের মাটিতে যে হামলা ঘটেছিল তার সঙ্গে এই হামলার অনেকটা মিল রয়েছে। পরিস্থিতি হয়তো ভিন্ন, কিন্তু হত্যাযজ্ঞ একই। ভারতের মতো, আমরাও সন্ত্রাসবাদের শিকার। নির্দোষ অসামরিক নাগরিকদের উপর জিহাদি উগ্রবাদী মানসিকতার সন্ত্রাসী আক্রমণ কেমন, তা আমরা গভীরভাবে বুঝি। ভারত আমাদের বন্ধু। এই সম্পর্কটি গুরুত্বপূর্ণ। আমরা জানি যখন উগ্র সন্ত্রাসীরা আপনার মানুষকে লক্ষ্য করে, তখন কী অনুভব হয়। ইজ়রায়েল ভারতের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে'।
বিহারের মধুবনীতে একটি সররি অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়ে এসেছেন। তিনি বলেছেন, পহেলগাঁওতে ষড়যন্ত্রী ও জঙ্গিদের কল্পনাতীত শাস্তি দেবেন তিনি। আর যেমন বলা তেমনই কাজ। ভারতীয় সেনা এবং অন্যান্য নিরাপত্তা এজেন্সিগুলি শুক্রবার সকাল থেকেই চিরুনি তল্লাশি চালাচ্ছে পাকিস্তানের প্রতিটি গ্রামে ও জঙ্গলে। লাগাতার এনকাউন্টার করছে তারা। পাক-অধিকৃত কাশ্মীরে সেনার গুলি-বোমায় নিহত হয়েছে ৪ পাকিস্তানি সেনা। পাশাপাশি কাশ্মীরের বান্দিপোরায় সেনার বুলেটে খতম হয়েছেন লস্কর কমান্ডার আলতাফ লাল্লি। আকাশ পথেও ভারত চালাচ্ছে ড্রিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)