Air India Crash: শেষ যখন ফোনে কথা হল, তখনও মা বলেছিল যে, স্যুটকেসে ৬ বছরের নাতির জন্য ললিপপ আর ১৫ বছরের বড় নাতির জন্য বিশেষ ক্রিসপি প্যাক করেছে। কান্নায় ভেঙে পড়েন মা-হারা ছেলে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটা বিমান দুর্ঘটনা (Ahmedabad Plane Crash) আর শয়ে শয়ে মৃত্যু। পোড়া দেহের সারি। হতভাগ্য স্বজনদের সেই পোড়া দেহ শনাক্ত করার পালা। এ এক অসহ্য যন্ত্রণা। এই যন্ত্রণা সহ্য করতে পারবেন না তিনি! পারবেন না নিজের মা-কে ওই অবস্থায় দেখতে! তাই মায়ের পোড়া লাশ শনাক্ত করতেও আসতে চান না তিনি! তিনি তাঁর মাকে শুধু একজন শক্তিশালী নারী হিসেবেই মনে রাখতে চান। স্মৃতিতে বাঁচিয়ে রাখতে চান তাঁদের পারিবারিক সুন্দর মুহূর্তগুলোকে। কাঁদতে কাঁদতে বললেন অভিশপ্ত উড়ানের যাত্রী মঞ্জু মহেশ প্যাটেলের (Manju Mahesh Patel) বিদেশ বিঁভুইয়ে থাকা ছেলে।
মাকে এভাবেই মনে রাখতে চাই...
বাড়িতে থাকা মায়ের একটি ফ্রেমবন্দি পারিবারিক ছবির দিকে তাকিয়ে হতভাগ্য ছেলে বলে চলেন, "আশা করি মা-কে কোনও যন্ত্রণা পেতে হয়নি। মায়ের মৃত্যু তাৎক্ষণিক হয়েছে। আমি যতদিন বাঁচব, ততদিন শুধু একটাই কথা ভেবে যাব যে, কেমন ছিল মায়ের শেষ মুহূর্তগুলো (Air India Crash)? আমি নিজের মায়ের একটা পোড়া লাশ শনাক্ত করতে যেতে চাই না। কীভাবে সেই ট্রমা আমি কাটিয়ে উঠব? সেটা সারাজীবন আমাকে তাড়িয়ে বেড়াবে। আমি মাকে একজন শক্তিশালী নারী হিসেবেই স্মরণ করে যেতে চাই।" মঞ্জু প্যাটেলের ছেলে জানাচ্ছেন, "পরিবার খুব ভালোবাসত মা। নাতি-নাতনিরা ছিল তাঁর প্রাণ। শেষ যখন ফোনে কথা হল, তখনও মা বলেছিল যে, তাঁর স্যুটকেসে তাঁর ৬ বছরের নাতির জন্য ললিপপ আর তাঁর ১৫ বছরের বড় নাতির জন্য বিশেষ ক্রিসপি প্যাক করেছে।"
অফুরান প্রাণশক্তিতে ভরপুর মঞ্জু মহেশ প্যাটেল বিগত কয়েক মাস ধরে আমদাবাদে ছিলেন একটি মন্দিরে সেবাধর্মী কাজের জন্য। ১২ জুন অভিশপ্ত AI 171 বিমানেই তাঁর লন্ডনে ছেলে-বউমা-নাতিদের কাছে ফেরার কথা ছিল। কিন্তু সেই ফেরা আর হয়নি। ফ্লাইট AI 171-এর 12D সিটে ছিলেন মঞ্জু মহেশ প্যাটেল। ছেলে জানাচ্ছেন, সেদিনও এয়ারপোর্টে পৌঁছে ফোন করেছিলেন। সেটাই ছিল শেষ কথা। বলেন, "আমাকে ভোর ৪টেয় ফোন করে ডায়াবেটিসের ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিত রোজ।" কান্নায় ভেঙে পড়েন মা-হারা ছেলে।
ভারতের উড়ান ইতিহাসে সবচেয়ে বড় বিমান বিপর্যয়। আমদাবাদের মেঘানিনগরে টেক অফের ২ মিনিটের মধ্যেই ২৪২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার AI 171। একজন ছাড়া বাকি সব যাত্রীর মৃত্যু হয়। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত AI-171 বিমানের ২টি ব্ল্যাক বক্স ও ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তকারীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)