IndiGo: শৌচালয়ের কাছে ওই বিমানসেবিকাকে অশ্লীলভাবে স্পর্শ করেন মদ্যপ পুরুষ যাত্রী। ওই বিমানসেবিকা সঙ্গে সঙ্গে বিষয়টি তাঁর ক্রু ম্যানেজারকে জানান।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার এয়ার হোস্টেসের সঙ্গে যাত্রীর অভব্য় আচরণের অভিযোগ উঠল। মাঝ আকাশে বিমানসেবিকার (air hostess) শরীরে অশালীন স্পর্শ! আর যৌন হেনস্থার অভিযোগ উঠল এক পুরুষ যাত্রীর (Drunk passenger) বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে দিল্লি থেকে মহারাষ্ট্রের শিরডিগামী ইন্ডিগোর (IndiGo) একটি বিমানে। ঘটনাটি ঘটেছে বিমানের শৌচাগারের কাছে।
সেখানেই এক যাত্রী ক্রু সদস্যকে অনুপযুক্তভাবে স্পর্শ করেছিলেন বলে সূত্রের খবর। সঙ্গে সঙ্গে ক্রু ম্যানেজারকে বিষয়টা জানান নির্যাতিতা বিমানসেবিকা। উড়ান অবতরণের পর খবর যায় নিরাপত্তারক্ষীদের কাছে। শিরিডি বিমানবন্দরে অবতরণের পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ইন্ডিগোর বিমানটি দিল্লি থেকে মহারাষ্ট্রের শিরডির উদ্দেশে রওনা দিয়েছিল।
পিটিআই সূত্রে আরও জানা গিয়েছে, এরপর ওই অভিযুক্তকে স্থানীয় রাহাতা থানায় নিয়ে যাওয়া হয়। এবং সেখানে তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করা হয়। অভিযুক্তের স্বাস্থ্যপরীক্ষার ফল বলছে, তিনি ওই ঘটনার সময় মদ্যপ ছিলেন। এ প্রসঙ্গে ইন্ডিগোর তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'শুক্রবার দিল্লি থেকে শিরডির উদ্দেশে রওনা দেওয়া উড়ানে বিমানসেবিকার সঙ্গে এক যাত্রী অভব্য আচরণ করেন। উপস্থিত ক্রু-রা আদর্শ কার্যবিধি অবলম্বন করেন এবং অভিযুক্তকে পুলিসের হাতে তুলে দেন। এই অনভিপ্রেত ঘটনার জন্য আমরা দুঃখিত।'
সাম্প্রতিক বছরগুলিতে এয়ার ইন্ডিয়া বেশ কিছু বিরক্তিকর ঘটনার মুখোমুখি হয়েছে। ২০১৭ সালে, মুম্বই-নিউয়র্ক ফ্লাইটে বিজনেস ক্লাসের যাত্রী গণেশ পার্কার ইকোনমিতে খালি সিটে বসে এক মহিলার পাশে ঘুমন্ত অবস্থায় তাকে স্পর্শ করেন। পার্কারকে চিনতেন না এমন মহিলাকে পিছনের গ্যালিতে ক্রুরা কাঁদতে দেখেন। পার্কার পরে তাকে দুটি হাতে লেখা নোট দেন, যেখানে তিনি "মুহূর্তের বোকামি" বলে বর্ণনা করেন, 'আমি স্বীকার করি আমি বোকা ছিলাম।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)