Air India news: চেক ইন এড়িয়ে যান। দুটি ব্যাগই বিমানে নিজের সঙ্গে নেওয়ার জন্য জোর করতে থাকেন। এই হুমকির মুখে পড়ে হকচকিয়ে যান কেবিন ক্রু থেকে অন্যান্য যাত্রীরা।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এয়ার ইন্ডিয়ার (Air India Crash) বিমানকে 'ক্র্যাশ' করানোর হুমকি! বেঙ্গালুর-সুরাট এয়ার ইন্ডিয়ার বিমানে হুমকি! হুমকি দেন বিমানযাত্রী ৩৬ বছর বয়সী এক ডাক্তার। সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করে বিমান থেকে নামিয়ে দেন। অভিযোগ, তিনি বিমানে উঠেই হুমকি দেন, হয় আমার ব্যাগ রাখো, নয়তো আমি এই বিমানটিকে দুর্ঘটনার মধ্যে ফেলব। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বেঙ্গালুরু বিমানবন্দরে।
অভিযোগ, বেঙ্গালুরু থেকে সুরাটগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে উঠেছিলেন অভিযুক্ত ৩৬ বছর বয়সী আয়ুর্বেদিক ডাক্তার ব্যাস হিরাল মোহনভাই। বিমানে উঠেই তিনি হট্টগোল জুড়ে দেন। কেবিন ক্রুরা তাঁকে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে ব্যাগ রাখতে বললে, তিনি তাঁদের হুমকি দেন, "আগে আমার ব্যাগটা রাখো, নাহলে বিমান দুর্ঘটনা ঘটিয়ে দেব!" তাঁর এই হুমকির মুখে পড়ে হকচকিয়ে যান কেবিন ক্রু থেকে অন্যান্য যাত্রীরা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় সিআইএসএফকে। অভিযুক্ত ওই বিমানযাত্রীকে জোর করে বিমান থেকে নামানো হয়। তাঁকে গ্রেফতার করা হয়। এসবের কারণে ২ ঘণ্টা বেঙ্গালুরু বিমানবন্দরেই আটকে থাকে উড়ান। নির্দিষ্ট সময়ের ২ ঘণ্টা পর ওড়ে বিমানটি।
জানা গিয়েছে, অভিযুক্ত ব্যাস হিরাল মোহনভাই উত্তর বেঙ্গালুরুর ইয়েলহাঙ্কার কাছে শিবানাহল্লির বাসিন্দা। তিনি একাই দুটি লাগেজ নিয়ে AI IX2749 ফ্লাইটে উঠেছিলেন। অভিযোগ, চেক ইন এড়িয়ে যান তিনি। দুটি ব্যাগই বিমানে নিজের সঙ্গে নেওয়ার জন্য জোর করতে থাকেন। বাধা দেন কেবিন ক্রুরা। একটি ক্রু কেবিনের কাছে রেখে অন্যটি তাঁর সিট ২০F-এ নিয়ে যান বিমানসেবিকারা। আর তারপরই পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। তাঁকে ব্যাগ নির্দিষ্ট ওভারহেড লাগেজ বক্সে রাখতে বললে তিনি রাজি হন। নিজের কাছে রাখার জন্য জোর করতে থাকেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)