)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'প্রত্যেকটা দিন যেন মৃত্য়ুযন্ত্রণার সামিল! বেঁচে গিয়েছি ঠিকই, কিন্তু এখন প্রতিদিন যেন অল্প অল্প করে মরে যাচ্ছি।' ঠিক এভবে এই ভাষাতেই তীব্র মানসিক যন্ত্রণার কথা জানালেন আমদাবাদ বিমান দুর্ঘটনার একমাত্র জীবিত বিশ্বাস কুমার রমেশ (Ahmedabad Plane Crash Lone Survivor Vishwas Kumar Ramesh)।
অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার উড়ান AI-171-এ ১১এ সিটে ছিলেন বিশ্বাস কুমার রমেশ (Vishwas Kumar Ramesh)। আর ১১জে সিটে ছিলেন তাঁর ছোট ভাই অজয়। ভয়াবহ সেই বিমান দুর্ঘটনায় (Air India Crash) বিমানের বাকি ২৪০ জন যাত্রীর সঙ্গে প্রাণ হারিয়েছেন রমেশের ছোট ভাই অজয়ও। আর সেটাই মেনে নিতে পারছেন না আমদাবাদ বিমান দুর্ঘটনার একমাত্র জীবিত বিশ্বাস কুমার রমেশ। ছোট ভাইকে হারানোর যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে তাঁকে। দগ্ধে মরছেন প্রতিনিয়ত।
বিশ্বাস কুমার রমেশের (Vishwas Kumar Ramesh) কথায়,'আমিই একমাত্র জীবিত, কিন্তু সেটা আমি এখনও বিশ্বাস করতে পারছি না। আমি আমার স্ত্, সন্তানদের সঙ্গেও কথা বলি না। আমি কেবল একা বসে থাকি...প্রত্যেকটা দিন মৃত্য়ুযন্ত্রণার সামিল। তখন বেঁচে গিয়েছি ঠিকই, কিন্তু এখন প্রতিদিন যেন অল্প অল্প করে মরে যাচ্ছি।" পরিবারের লোকেদের কথায়, ঘটনার সাড়ে ৪ মাস পরেও এখনও স্বাভাবিক হতে পারেননি একমাত্র জীবিত বিশ্বাস কুমার রমেশ (Air India Crash Lone Survivor Vishwas Kumar Ramesh)। বাড়িতে স্ত্রী-সন্তান, কারও সঙ্গে কোনও কথা বলেন না তিনি। ভাইকে হারিয়ে তীব্র মানসিক যন্ত্রণায় রয়েছেন।
অনেকের কাছে তিনি "সবচেয়ে ভাগ্যবান জীবিত ব্যক্তি", কিন্তু ৪০ বছর বয়সী বিশ্বাস কুমার রমেশের কথায়, তাঁর বেঁচে থাকাটা একদিকে যেমন অলৌকিক ঘটনা, অন্যদিকে তেমনই অভিশাপ! রমেশ বলেন, "আমি আমার ভাইকে হারিয়েছি। আমার ভাই আমার মেরুদণ্ড ছিল। গত কয়েক বছর ধরে, সে প্রতি মুহূর্তে সবসময় আমাকে সমর্থন করে এসেছে।"
১২ জুন এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করার কয়েক সেকেন্ড পরেই বি জে মেডিকেল কলেজের একটি হস্টেল ভবনের উপর আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রিমলাইনারটি হস্টেলের দক্ষিণ অংশে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দ হয়। আর বিশাল এক আগুনের গোলা দেখা যায়। সেই আগুনের গোলা থেকে যেন হেঁটে বেরিয়ে আসেন রমেশ! পিছনে পড়ে থাকে কালো ধোঁয়ার কুণ্ডলী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)