India Pakistan War: গত ৬ মে মুরলী ফোন করেছিল। বলছিল সীমান্তে গোলাগুলি চলছে। বৃহস্পতিরাই ফোন করেছিল। তখন বলেছিল সীমান্তে খুব জোর গোলগুলি চলছে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাক গোলায় শহিদ আর্মিম্যান এম মুরলী নাইক(২৫)। অন্ধ্রপ্রদেশের সত্যসাঁই জেলার এই তরুণ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন অনেক স্বপ্ন নিয়ে। তার চাকরি পাওয়ার ফলে দিনমজুর বাবা-মা ঘরে ফিরেছিলেন। সেই মুরলী শুক্রবার গুলিবিদ্ধ হন লাইন অব কন্ট্রোলে পাক গোলগুলিতে। সেই আঘাতই প্রাণ কাড়ল মুরলীর।
মুরলীর এক আত্মীয় রঞ্জিত সংবাদমাধ্যমে বলেন, ওর এক সিনিয়র অভিসার ওর মাকে ফোন করেছিলেন। তিনি বলেন, শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ লাইন অব কন্ট্রোলে মুরলীকে গুলি লাগে। তাঁকে যখন ঘটনাস্থল থেকে নিয়ে আসা হচ্ছিল তখনই তার মৃত্যু হয়।
২০২২ সালে সেনায় যোগ দেন মুরলী নাইক। তিনি ছিলেন ৮৫১ লাইট রেজিমেন্টের সদস্য। মুরলীর বাবা মুধাভাত শ্রীরাম ও মা জ্যোতিবাই পেশায় দিনমজুর। কাজ করতেন মুম্বইয়ে। ছেলে সেনায় কাজ পাওয়ায় তারা ঘরে ফিরে আসেন। গত ৬ ডিসেম্বর ১৫ দিনের ছুটি নিয়ে ঘরে ফিরেছিলেন মুরলী। তার পর এই ঘটনা।
মুরলী কাকার ছেলে রঞ্জিত বলেন, গত ৬ মে মুরলী ফোন করেছিল। বলছিল সীমান্তে গোলাগুলি চলছে। বৃহস্পতিরাই ফোন করেছিল। তখন বলেছিল সীমান্তে খুব জোর গোলগুলি চলছে। বাবা-মার জন্য উদ্বিগ্ন ছিল। ওকে বললাম তুমি নিজের খেয়াল রাখো, আমরা তোমার বাবা-মাকে দেখব। ওর গলায় খুবই আতঙ্ক ছিল। কীভাবে গোলাগুলি চলছিল ও সেসব বলছিল।
বাবা শ্রীরাম বলেন, ছেলের স্বপ্ন ছিল সেনায় যোগ দেবে। সবার সঙ্গে মিশতে পারত। একজন জওয়ান হিসেবে ওর মনবল খুবই তুঙ্গে ছিল। সবসময় হাসিখুশি থাকত। ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)