)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরকীয়ায় ঝগড়া! দুই মেয়ে ও নিজের জীবন দিয়ে তার মাশুল দিলেন মা! বিবাহিত এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন ২ সন্তানের মা ওই যুবতী। বিবাহ বহির্ভূত সেই সম্পর্কে বাধে ঝগড়া। আর তারপরই রাগের বশে, আক্রোশে প্রেমিক যুবক বাড়ি ঢুকে খুন করলেন প্রেমিকা ওই যুবতী ও তাঁর ২ ছোট্ট ছোট্ট মেয়েকে। হাড়হিম করা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের সমরলাকোটায়।
বাড়িতেই খুন মা-মেয়েরা!
অন্ধ্রপ্রদেশের সমরলাকোটার বাড়ি থেকেই উদ্ধার হয় ওই যুবতী ও ৮ ও ৬ বছরের দুই মেয়ের মৃতদেহ। প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে তিনজনকে খুনের কথা স্বীকার করেছেন প্রেমিকও। যদিও অভিযুক্ত প্রথমে ডাকাতির নাটক সাজিয়ে পুলিসকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। শেষে তিন খুনের ঘটনায় পুলিস অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম সুরেশ।
পরকীয়ায় খরচ ৭ লাখ!
পুলিস সূত্রে খবর, ওই মহিলার সঙ্গে সুরেশের ২ বছরের বেশি সম্পর্ক ছিল। সুরেশ তাঁদের সম্পর্কের সময় মাধুরীর জন্য প্রায় ৭ লক্ষ টাকা খরচ করেছিলেন। মাধুরী সুরেশকে তাঁর স্ত্রীকে ছেড়ে এসে তাঁর সঙ্গে থাকার জন্য চাপ দিতে শুরু করেছিলেন। ৩ আগস্ট সীতারাম কলোনিতে বাড়ির ভিতরই ২৬ বছর বয়সী মুলপূর্তি মাধুরী এবং তাঁর ৮ ও ৬ বছর বয়সী দুই মেয়ের মৃতদেহ পাওয়া যায়। তিনজনেরই মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাতের চিহ্ন ছিল।
স্বামীকে সন্দেহ...
পরদিন ভোরে যখন মাধুরীর স্বামী ধন প্রসাদ তাঁর রাতের শিফট শেষে বাড়ি ফেরেন, তখন দেখেন সামনের দরজা ভিতর থেকে বন্ধ। শেষে মাধুরীর স্বামী বাড়ির পিছনের দেওয়াল টপকে ঘরে ঢোকেন। ঘরে ঢুকতেই তিনি দেখেন হাড়হিম দৃশ্য! নিথর স্ত্রী ও ২ মেয়ে। প্রাথমিকভাবে প্রতিবেশীরা ধন প্রসাদের বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তাই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতেও নেয় পুলিস। পরে তদন্তে আসল গল্প সামনে আসে।
গ্রেফতার প্রেমিক...
খুনের দায়ে ৩৬ বছর বয়সী সুরেশকে গ্রেফতার করে পুলিস। জেরায় সুরেশ কবুল করেন, স্বামী বাইরে আছে বলে, ২ আগস্ট রাতে মাধুরী তাঁকে বাড়িতে ডেকে পাঠান। মাধুরী তাঁকে সোনার প্রলেপ দেওয়া একটি ওয়াশিং মেশিনও কিনে দিতে বলেন। ঝগড়া বাধে। হাতাহাতির সময়ই সুরেশ তাকে কাঠের মোটা লাঠি দিয়ে মাথায় আঘাত করে খুন করে। তারপর সুরেশ বাচ্চাদেরও খুন করেন। বাচ্চারা তাঁকে দেখে ফেলেছে, এই ভয়েই সুরেশ তাঁদেরও খুন করেন।
ডাকাতির নাটক
খুনের পর গোটা ঘটনাকে ডাকাতির মতো করে সাজাতে সুরেশ মাধুরীর সোনার গয়না ও দুটি মোবাইল ফোনও বাড়ি থেকে নিয়ে যায়। যদিও সেই নাটক আর ধোপে টেকেনি। পর্দা ফাঁস হয়ে যায় তাঁর অপরাধের!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)