)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হেনস্থার শিকার এবার সেনা জওয়ান। উত্তরপ্রদেশের মেরঠে টোল বুথ স্টাফেদের হাতে হেনস্থা। খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হয় তাঁকে। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়ার পরই চারজন অভিযুক্ত টোল কর্মীকে গ্রেফতার করেছে পুলিস।
জানা গিয়েছে, নির্যাতিত সেনা জওয়ান কপিল কাভাদ, ভারতীয় সেনাবাহিনীর রাজপুত রেজিমেন্টে কর্মরত। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন এবং শ্রীনগরে নিজের পোস্টিং-এ ফেরার উদ্দেশ্যে দিল্লি বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। রাস্তায় ভুনি টোল প্লাজায় যানজটে আটকে যান কপিল ও তাঁর ভাই। ফ্লাইট মিস হওয়ার আশঙ্কায় কপিল গাড়ি থেকে নেমে টোল কর্মীদের সঙ্গে কথা বলতে শুরু করেন।
ভাইরাল ভিডিয়ো:
কথা বলতে বলতে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। উভয়পক্ষের মধ্যে বচসা হয় এবং অন্তত পাঁচজন টোল কর্মী কপিল ও তাঁর ভাইকে মারধর করে। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, টোল কর্মীরা কপিলকে লাঠি দিয়ে মারছে। পরে কয়েকজন কর্মী মিলে কপিলকে একটি খুঁটির সঙ্গে চেপে ধরে, তাঁর হাত পেছনে টেনে ধরে, এবং অন্য এক ব্যক্তি তাঁকে গালাগালি ও মারধর করতে থাকে।
এই নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ছড়িয়ে পড়েছে সর্বত্র। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। মেরঠ জেলার পুলিস সুপার (গ্রামীণ) রাকেশ কুমার মিশ্র জানিয়েছেন যে, ঘটনার পর মামলা রুজু করা হয়েছে। তিনি বলেন, 'কপিল ভারতীয় সেনাবাহিনীর সদস্য। তিনি নিজের পোস্টিং-এ ফিরছিলেন। ভুনি টোল প্লাজায় দীর্ঘ লাইনে আটকে পড়ায় তিনি তাড়াহুড়ো করছিলেন এবং টোল কর্মীদের সঙ্গে কথা বলেন। তখনই একটি তর্ক শুরু হয় এবং টোল কর্মীরা তাঁকে মারধর করে। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে সরুরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।' তিনি আরও জানান, 'সিসিটিভি ফুটেজ ও ভাইরাল ভিডিয়ো স্ক্যান করে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আরও দুই অভিযুক্তকে ধরতে দুটি টিম কাজ করছে।'
সরব তৃণমূল:
এই ঘটনায় সরব হয়েছে তৃণমূল সরকার। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করে তৃণমূলের অফিসিয়াল পেজ থেকে লেখা হয়, 'উত্তরপ্রদেশের মেরঠে একজন সেনাকে খুঁটিতে বেঁধে নির্মম মারধর। এটি একটি লজ্জাজনক ঘটনা। এই ঘটনা যোগীরাজ্যের আইন শৃঙ্খলার পতনকে প্রকাশ করে। যেখানে একজন সেনাকেও রেহাই করা হয় না।'
An army man was pinned to a pole and savagely beaten by miscreants in Meerut, UP.
— All India Trinamool Congress (@AITCofficial) August 18, 2025
It is a disgraceful assault on the honour of every soldier who wears the uniform to safeguard our country. It lays bare the total collapse of law and order under @myogiadityanath, where criminals… pic.twitter.com/cI98xIa1CF
সেখানে আরও লেখা, 'আর প্রধানমন্ত্রীর কী হবে। যিনি আমাদের সশস্ত্র বাহিনীর নামে ভোট চাওয়ার সুযোগ কখনও হাতছাড়া করেন না? কোথায় তার ক্ষোভ? কোথায় তার জবাবদিহিতা?'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)